বিএনপিকে অবৈধ দল বললেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাইকোর্টের রায়ে জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। কাজেই সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিও অবৈধ। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট স্বাধীনতায় বিশ্বাস করে না। বিশ্বাস করলে মুক্তিযুদ্ধ নিয়ে এত আজেবাজে কথা বলত না।
প্রধানমন্ত্রী গতকাল শনিবার গণভবনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
‘অবৈধ ক্ষমতা দখলকারী ব্যক্তির হাতে যে দল গঠন হয়েছে সে দলও অবৈধ’ উল্ল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য সে অবৈধ দল থেকে ছবক শুনতে হয়।’ তিনি বলেন, ‘তারা হাইকোর্টের রায় মানে না। প্রথম রাষ্ট্রপতি নিয়ে কে প্রশ্ন ওঠাল? যার বাবা মুক্তিযুদ্ধের সময় একজন মেজর ছিলেন। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমোশন দিয়ে যাকে মেজর জেনারেল করেছিলেন। অবৈধ ক্ষমতা দখলকারী খোন্দকার মোশতাকের হাতে জিয়া হলেন সেনাপ্রধান। সেনাপ্রধান হয়ে তিনি তাহের, খালেদ মোশাররফসহ বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেন।’
প্রধানমন্ত্রী বলেন, খোন্দকার মোশতাককে বিদায় দেওয়ার পর সায়েম সাহেবকে রাষ্ট্রপতি করা হয়। পরে তাঁকে অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা থেকে সরিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন জিয়া। তিনি বলেন, আর্মি রুল ও সংবিধান ভঙ্গ করে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। পরে তিনি হ্যাঁ-না ভোট করেন। সে সময় থেকে ভোট কারচুপি শুরু হয়।
শেখ হাসিনা বলেন, সারা দেশে সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেই জনগণ তাদের পছন্দমতো প্রার্থীকে নির্বাচিত করতে পেরেছেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতসহ সব দলের সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়ে আসতে পেরেছেন। একটি সরকার যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে সেটি এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস কেউ বিকৃতি করতে পারবে না উল্ল্লেখ করে শেখ হাসিনা বলেন, যেসব রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীর হাতে জিয়াউর রহমান জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন তাঁদের বিচার হচ্ছে।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা বেগম মিমি বক্তৃতা করেন।