বিএনপিকে অর্থ দেওয়ার খবর সম্পূর্ণ বানোয়াট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গোয়েন্দা বাহিনী ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান জেনারেল আসাদ দুররানি বলেছেন, বাংলাদেশে ১৯৯১ সালের নির্বাচনের আগে আইএসআই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অর্থ দিয়েছিল বলে সমপ্র্রতি যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। গতকাল শনিবার টেলিফোনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র খালিজ টাইমস এবং যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইল এ মাসের শুরুর দিকে খবর প্রকাশ করে যে, পাকিস্তানের সুপ্রিম কোর্টের এক শুনানিতে দুররানি বিএনপিকে নির্বাচনের জন্য ৫০ কোটি রুপি অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন। খবরটি প্রকাশের পর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এ নিয়ে চলছে তীব্র বাগ্যুদ্ধ। বিএনপি এ অভিযোগ যেমন অস্বীকার করেছে, তেমনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে খবরটি নাকচ করে দিয়েছে। এ প্রসঙ্গে গতকাল টেলিফোনে এক সাক্ষাৎকারে বিবিসিকে আইএসআইয়ের সাবেক প্রধান বলেন, শুনানিতে বিএনপিকে অর্থ দেওয়ার বিষয়ে কোনো কথাই আদালতে তিনি বলেননি। খালেদা জিয়া ছাড়া বিএনপির অন্য কাউকে আইএসআই অর্থ দিয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমি মনে করতে পারছি না। আমার বিশ্বাস, কেউ সেটা করেওনি।’ দুররানি বলেন, এটি একটি ভুয়া খবর এবং সাংবাদিকতার নীতিবিরোধী। তাই এ খবর কেন ছাপানো হয়েছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।বাংলাদেশের রাজনীতিকদের আইএসআই সচারচর অর্থ দিয়ে থাকে কি না—এ প্রশ্নের জবাবে আইএসআইয়ের সাবেক প্রধান বলেন, ‘আমার বিশ্বাস, আমাদের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। তাঁদের তরফ থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।’