পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ১৯৯১ সালে বাংলাদেশে সংসদ নির্বাচনের সময় বিএনপিকে অর্থ দিয়েছে বলে স্বীকার করেছেন ওই সংস্থার একজন সাবেক মহাপরিচালক—এমন তথ্য উল্লেখ করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।গত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এসব প্রতিবেদন কেবল পুরোপুরি ভিত্তিহীনই নয়, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ এবং পারস্পরিক কল্যাণকর সম্পর্ক নষ্ট করার হীন চেষ্টা।বিবৃতিতে উল্লেখ করা হয়, পাকিস্তান দৃঢ়ভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে। এসব মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট গল্পে বিশ্বাস করাটা অবিচক্ষণতার পরিচয় হবে।উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করতে আইএসআই খালেদা জিয়াকে অর্থ দিয়েছে—এ তথ্য উল্লেখ করে খালিজ টাইমস (দুবাই থেকে প্রকাশিত) একটি প্রতিবেদন প্রকাশ করে। একই তথ্য উল্লেখ করে গত ১৫ মার্চ যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকায়ও একটি প্রতিবেদন প্রকাশিত হয়।আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এ তথ্যের সূত্র ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ও সংসদের বাইরে বিএনপির সমালোচনা করেন। যদিও শুরু থেকেই বিএনপি এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে আসছে।