বিএনপিকে আর আমন্ত্রণ জানাবে না ইসি
আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করা হলেও প্রধান বিরোধী দল বিএনপি ও এর শরিক দলগুলোকে নির্বাচনী আইন সংস্কারবিষয়ক সংলাপে অংশ নেওয়ার জন্য আর কোনো আমন্ত্রণ জানাবে না ইসি।নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন গতকাল রোববার প্রথম আলোকে এ কথা বলেছেন। সংলাপে অংশ নেওয়ার জন্য কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে তিন দফায় বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রতিবারই তারা বর্তমান ইসিকে বিতর্কিত আখ্যা দিয়ে সংলাপে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করে। শেষবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন টেলিফোনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তাতেও বিএনপি কোনো সাড়া দেয়নি। বিএনপিকে অনুসরণ করে জামায়াতে ইসলামী, বিজেপি ও ইসলামী ঐক্যজোটও সংলাপ বর্জন করে।গতকাল এ বিষয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘তিনবার চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। শেষবার কমিশনার সাখাওয়াত হোসেন সাহেব ব্যক্তিগতভাবে ফোনে কথা বলে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তাঁরা আসেননি। সুতরাং নতুন করে আর আমন্ত্রণ জানানোর সুযোগ নেই।’ এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বিএনপি বা তাদের শরিক দলগুলো সংলাপে এলে ভালো হতো। কমিশন থেকে তাদের সংলাপে আনার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তাই নতুন করে আর আমন্ত্রণ জানানোর কথা আমরা ভাবছি না। তাদের বাদ রেখেই নির্বাচনী আইন সংস্কারের খসড়া প্রস্তাবনা তৈরি করা হবে।’