বিএনপিকে আরেকটি সুযোগ দেওয়া উচিত: সুরঞ্জিত
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ২৪ অক্টোবরের পর থেকেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। সাংবিধানিক কাঠামোর মধ্যে আলোচনার জন্য বিএনপিকে সরকারের আরেকটি সুযোগ দেওয়া উচিত।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচনের মাঠ কীভাবে সমতল করা যায়, সেই আলোচনার জন্য বিএনপিকে আলোচনায় বসার আরেকটি সুযোগ দেওয়া উচিত। এর পরও যদি তারা নির্বাচনে না আসে, তাহলে অন্য কোনো পন্থায় নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’
বিরোধীদলীয় নেত্রীর নির্বাচন বন্ধের হুমকি প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘নির্বাচন বন্ধ করে দিলেও তো আপনাদের কোনো লাভ নেই। কারণ নির্বাচন না হলেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আবদুল হামিদ রাষ্ট্রপতি থাকবেন। এতে আপনাদের লাভ কী হবে?’ নির্বাচন নিয়ে সাংবিধানিক সমাধান বিষয়ে প্রধানমন্ত্রীকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘সংবিধান নিয়ে বিরোধী দলের নেতারা যে বক্তব্য দিচ্ছেন, এতে জাতি বিভ্রান্ত হচ্ছে। এই বিভ্রান্তি দূর করার জন্য প্রধানমন্ত্রীকে বলব, আপনি জাতির উদ্দেশে ভাষণ দিন। সংবিধানের সমস্ত বিষয় তুলে ধরেন।