সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের বিষয়ে বিরোধী দলকে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ডিএনসি) নতুন ৪৪ সদস্যের প্রশিক্ষণ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রসঙ্গে মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, দেশের আদালতের রায় অনুসরণ করে চলা সব নাগরিকের দায়িত্ব। তাদের (বিরোধী দল) উচিত হবে উচ্চ আদালতে গিয়ে কথা বলা। সেটা না করে তারা শুধু শান্তিশৃঙ্খলা ভঙ্গ করছে না, একই সঙ্গে আদালত অবমাননাও করছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ ও এনএসআইয়ের পরিচালক (প্রশিক্ষণ) নূরুল আমিন।
কর্মকর্তারা বলেন, এই অধিদপ্তর প্রতিষ্ঠার ২৩ বছরে এবারই প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হলো। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।
১৭ বছর পরে পোশাক প্রাপ্তি: গতকালের অনুষ্ঠানে অধিদপ্তরের কয়েকজন সদস্য তাঁদের জন্য বরাদ্দ হওয়া খাকি পোশাক (ইউনিফরম) পরে আসেন।
কর্মকর্তারা জানান, ১৯৯৬ সালে অধিদপ্তরের জন্য পোশাক বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছিল। গত মাসে তা অনুমোদন হয়েছে, তবে এখনো গেজেট হয়নি। সিপাহি থেকে সুপারিনটেনডেন্ট পর্যন্ত সদস্য ও কর্মকর্তাদের জন্য এ পোশাক বরাদ্দ হয়েছে।