বিএনপিকে উসকানি দিচ্ছে সুশীলসমাজ: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক স্মরণ সভায় বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ। ছবি: ফোকাস বাংলা
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক স্মরণ সভায় বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ। ছবি: ফোকাস বাংলা

টক শোর মাধ্যমে সুশীলসমাজ বিএনপিকে আন্দোলন করার জন্য উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।আজ সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক স্মরণ সভায় হানিফ এ অভিযোগ করেন। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুমের স্মরণে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাচনকে নির্দলীয় মন্তব্য করে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘উপজেলা নির্বাচন একটি স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে দলীয় কোনো ইশতেহার দেওয়া হয় না। এমনকি দল থেকেও কাউকে মনোনয়ন দেওয়া হয় না। একজন প্রার্থী তাঁর পারিবারিক, গোষ্ঠী ও সামাজিক কারণে জয়ী হতে পারে। এ নির্বাচন কোনো দলের জনপ্রিয়তার মাপকাঠি হতে পারে না।’

কুষ্টিয়া থেকে নির্বাচিত সাংসদ হানিফ বলেন, ‘আমরা দেখছি- উপজেলা নির্বাচনে ভাল ফল করায় টক শোতে বক্তব্য দিয়ে কিছু সুশীল বিএনপিকে আন্দোলন করার জন্য উসকানি দিচ্ছেন। সুশীল সমাজের কাছে আমার জিজ্ঞাসা আপনারা কি দেশে আবার হানিহানি, মারামারি ও রক্তপাত চান। আপনারা কি দেশে শান্তি চান না? দুর্নীতিবাজ দল বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে সুশীল সমাজ চেষ্টা করছেন বলেও অভিযোগ হানিফের।
রাজবাড়ির সমাবেশে উপজেলা নির্বাচনের পর খালেদা জিয়া যে আন্দোলনের হুমকি দিয়েছেন সেটাকে ‘অশনি সংকেত’ বলে অভিমত তাঁর।


বিএনপি আবারও হিংস্র হতে পারে

একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, রাজবাড়ীতে বিএনপি চেয়ারপারসনের দেওয়া বক্তব্যে বোঝা যাচ্ছে, তাঁরা আবারো হিংস্র হতে পারে এবং দেশে নাশকতা চালাতে পারে। কারণ বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের কোনো নজির নেই। তিনি আরও বলেন, বাংলাদেশে আগাম নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ‘আন্দোলন করার জন্য দল গুছিয়ে লাভ নেই। বরং শেখ হাসিনার অধীনে নির্বাচন করার জন্য দল গোছান।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে স্মরণসভা আরও বক্তব্য দেন অভিনেতা ইনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।