বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক বা অন্য যে নামেই হোক না কেন, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। ১২ মার্চের কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, বিএনপিকে কঠোর হতে বাধ্য করবেন না।বিরোধীদলীয় নেতা বলেন, ১২ মার্চের মহাসমাবেশের পর এমন কর্মসূচি দেওয়া হবে, যাতে তাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, নয়তো ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার বিকেলে প্রতিবাদ সমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন। গত ২৯ জানুয়ারি গণমিছিল কর্মসূচিতে পুলিশের গুলিতে বিএনপির দুই কর্মী আবুল কাসেম ও নূর হোসেনের মৃত্যুর প্রতিবাদে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা জানান এবং হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেন।সাংবাদিক দম্পতি খুনের ঘটনায় এখনো খুনি গ্রেপ্তার না হওয়ায় বিএনপির চেয়ারপারসন সরকারের সমালোচনা করেন। বলেন, আওয়ামী লীগের আমলে ১৪ জন সাংবাদিক খুন হয়েছে। কোনোটার বিচার হয়নি। সাংবাদিক দম্পতি খুন হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করবেন। কিন্তু এখনো তা হয়নি। আসলে সরকারের কোনো ক্ষমতা নেই খুনি গ্রেপ্তারের। এ ঘটনার পেছনে নিশ্চয়ই সরকারের কোনো মতলব আছে।খালেদা জিয়া বলেন, নির্বাচনের সময় এরা আবার সুন্দর সুন্দর কথা বলবে। কিন্তু আপনারা এতে ভুলবেন না। মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, ‘চোখের পানি ফেলবেন না, এর আর সময় নেই। প্রতিবাদ করুন, রাজপথে নামুন। আমিও জনগণকে রক্ষার জন্য রাজনীতিতে এসেছি। আপনাদের আমি রাজনীতিতে আসতে বলছি না।’বিরোধীদলীয় নেতা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে দেওয়া-নেওয়ার ভিত্তিতে। বিএনপিকে ভারতবিরোধী বলা হয়। কিন্তু বিএনপি ভারতবিরোধী নয়, আবার পক্ষেও নয়। জনগণের পক্ষে। আওয়ামী লীগ শুধু দিয়েই সম্পর্ক রাখতে চায়, আদায় করতে পারে না। তাঁর অভিযোগ, এ দেশের শিল্প-কারখানা ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির সময় বিদ্যুতের কোনো সমস্যা ছিল না দাবি করে তিনি বলেন, এখন সরকার লুটপাটের জন্য সংকট তৈরি করেছে।বেলা ১১টায় খালেদা জিয়া ঢাকার গুলশান থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। সাড়ে তিনটায় তিনি লক্ষ্মীপুরে পৌঁঁছান। সাড়ে চারটায় সমাবেশস্থলে এসে চারটা ৫৫ মিনিটে ভাষণ শুরু করেন। প্রায় এক ঘণ্টার বক্তব্যে বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে, তার বিবরণ দেন তিনি।কুমিল্লা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে অবস্থান নেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। তাঁদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড। সড়কে শতাধিক তোরণও নির্মাণ করা হয়। সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।