বিএনপিকে গণতন্ত্রের কাতারে আসার আহ্বান
জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গি ও জামায়াতের সঙ্গ ত্যাগ করে বিএনপিকে গণতন্ত্রের কাতারে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘২০০৮ সালে নির্বাচনে পরাজিত হলেও জঙ্গিবাদের ঘাঁটি নির্মূল হয়নি। এদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন খালেদা জিয়া।’
গতকাল রোববার জাসদের নেতা কাজী আরেফ আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়মান আল-জাওয়াহিরির সাম্প্রতিক বক্তব্য উসকানিমূলক—এমন মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়াকেই প্রমাণ করতে হবে, তাঁর সঙ্গে আল-কায়েদার কোনো সম্পর্ক নেই। কেননা, আল-কায়েদা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে বাংলাদেশের জঙ্গিবাদের সম্পর্ক তাঁর সরকারের শাসনামলেই ঘটেছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায়, জাসদের উপদেষ্টামণ্ডলীর সদস্য সার্জেন্ট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।