প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি ‘জাগো দল’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার চেষ্টা করেন।জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বর্তমানে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। তাঁর বড় ছেলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদে আছেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার প্রথম দিনে বিএনপি মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, বিএনপিকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র চলছে। তাই খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জিয়াকে হত্যা করে বিএনপিকে ধ্বংস করা যায়নি। এখনো যাবে না। কেননা আদর্শের কোনো মৃত্যু নেই। বেলা ১১টায় এ আলোচনা শুরু হয়।খোন্দকার দেলোয়ার বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এখন আর দেশ চলছে না। তারেক ও কোকোসহ জিয়া পরিবারের ওপর অত্যাচার, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা চলছে। এসবই দলকে টুকরো করার ষড়যন্ত্র। জিয়াউর রহমানের পরিবারের সদস্য ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে শেখ হাসিনার বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘তাঁর মতো (শেখ হাসিনা) একজন শীর্ষ রাজনৈতিক নেত্রীর মুখে এ ধরনের সমালোচনা মানায় না। তাঁর সম্পর্কে সমালোচনা করতে চাই না। তিনি প্রধানমন্ত্রী। তবে তাঁর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।’বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।আলোচনা সভায় বিশৃঙ্খলা: আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বক্তব্য দেওয়া নিয়ে এ দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ নিয়ে সভাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। এ দুজনের মধ্যে কে আগে বক্তব্য দেবেন তা নিয়ে প্রথমে মঞ্চে এবং পরে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।আজকের কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ভোরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকালে দলের কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। খালেদা জিয়া ওমরাহ পালনের জন্য সৌদি আরবে থাকায় কর্মসূচিতে অংশ দিতে পারছেন না।