বিএনপিকে ঢাকা দখল করতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর আওয়ামী লীগ বলেছে, ‘রাজনৈতিক কর্মসূচির নামে’ বিএনপিকে ঢাকা দখলের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা এ ঘোষণা দেন। আওয়ামী লীগের নেতারা বলেন, মার্চ মাস মুক্তিযোদ্ধাদের মাস। এ মাসে রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে জ্বালাও-পোড়াও কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে দেওয়া হবে না। যারা একাত্তরের ঘাতকদের মুক্তি দাবি করে, তাদের এ মাসে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। সরকারকে ‘ল্যাংড়া লুলা’ বানিয়ে দেওয়া হবে—বিরোধীদলীয় নেতার এ বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিরোধীদলীয় নেতার ভাবা উচিত, সরকারকে ল্যাংড়া বানানো মানে আমাদের যারা ভোট দিয়েছে, তাদের সবাইকে ল্যাংড়া বানানো।’ খালেদা জিয়ার বক্তব্যের জবাবে হানিফ আরও বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি ক্ষমতা আঁকড়ে থাকার জন্য ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছিল।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘১২ মার্চ বিএনপির ঢাকা চলো কর্মসূচির সাধ ভালোভাবে মিটিয়ে দেওয়া হবে। মার্চ মাস কাউকে আমরা ইজারা দেব না।’ ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম, সহিদুল ইসলাম প্রমুখ।