প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচনী আইন সংস্কারসংক্রান্ত সংলাপে অংশ নিতে তৃতীয় দফায় আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার বিকেলে এ-সংক্রান্ত চিঠি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান। সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে বিএনপিকে তৃতীয় দফায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দফায় না এলে তাদের বাদ রেখেই আইনের খসড়া চূড়ান্ত করা হবে। কমিশন সূত্র জানায়, ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপ অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। তার আগে নির্ধারিত সূচি অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ১৮ জুলাই সোমবার সংলাপ অনুষ্ঠানের কথা। এর আগে বিএনপিকে সংলাপে অংশ নিতে দুই দফা আমন্ত্রণ জানায় ইসি। প্রথম দফায় ১৩ জুন সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে তারা অংশ নেয়নি। পরে ১৯ থেকে ২২ জুনের মধ্যে যেকোনো দিন বিএনপিকে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ জুন চিঠি দিয়ে কমিশনকে জানান, বিতর্কিত ইসির সঙ্গে তাঁরা বসবেন না এবং আলোচনা ফলপ্রসূ হবে না।