
বর্তমান সরকার ‘বাংলাদেশ নাগরিক আইন’ নামে একটি কালো আইন তৈরি করছে। যার মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে দমিয়ে রাখা। কিন্তু এই আইনে দেশের মানুষেরই ক্ষতি হবে। প্রবাসীরা হারাবেন নাগরিকত্ব। আর জনবিরোধী এই আইন সরকারের পতন ঘটাবে।
গতকাল শনিবার দুপুরে সিলেট নগরের মেন্দিবাগ এলাকার একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ নাগরিক আইন ২০১৬ খসড়া—নাগরিক ভাবনা’বিষয়ক সেমিনারে বিএনপির নেতারা, পেশাজীবী ও বিশিষ্টজনেরা এ মতামত ব্যক্ত করেন।
নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালন করেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। সেমিনারে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, বাংলাদেশ জাতীয় বার কাউন্সিলের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য এ এফ এম ইউসুফ হায়দার, শিক্ষাবিদ গোলাম রব্বানী, নাকিব মাহমুদ নসরুল্লাহ, মুর্শেদ হাসান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।
স্থানীয় লোকজনের মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি শামীমুর রহমান, শিক্ষাবিদ সাজেদুল করিম বক্তব্য দেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, বর্তমান সরকার জনগণের বিরুদ্ধে আইন করছে। এই সরকার দখল করে দেশ চালাতে চায়। দেশের আইন জনগণের সুবিধার জন্য তৈরি করা হয়ে থাকলেও এই আইন লক্ষ্য, আদর্শহীন আইন। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে বলে এই আইনের বিরোধিতা করছে।
খন্দকার মাহবুব হোসেন এই আইনকে ‘জঙ্গি আইন’ আখ্যায়িত করে বলেন, বর্তমান সরকার এই আইন প্রণয়নের অধিকার রাখে না। এই আইন হলে প্রত্যেক নাগরিক ক্ষতিগ্রস্ত হবেন। প্রবাসীরা স্বাধীনতাসংগ্রামের অর্থ সংগ্রহ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। এই আইনের মাধ্যমে প্রবাসীদের অধিকার খর্ব করা হবে।
বাংলাদেশ নাগরিকত্ব আইনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ মিয়ানমারসহ সার্কভুক্ত দেশের নাগরিকেরা বৈবাহিক বা অন্য কোনো সূত্রে বাংলাদেশের নাগরিক হলে তাঁরা একসঙ্গে দুই দেশের নাগরিক অর্থাৎ দ্বৈত নাগরিক থাকতে পারবেন না। তাঁদের এক দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। একইভাবে বাংলাদেশের কোনো নাগরিকও মিয়ানমারসহ সার্কভুক্ত দেশগুলোতে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন না। তবে অন্য দেশে দ্বৈত নাগরিকত্ব নেওয়া যাবে।