বিএনপিকে নিঃশেষ না করা পর্যন্ত দেশ নিরাপদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিএনপিকে নিঃশেষ করে না দেওয়া পর্যন্ত দেশ ও জাতি নিরাপদ নয়’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশের বিপদ কাটেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাকিস্তান, বিএনপি ও রাজাকারদের বাদ না দেওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না।’ তাঁর দাবি, ‘খালেদা জিয়া আশ্রয় না দিলে রাজাকারের কোনো চিহ্ন থাকবে না দেশে।’
গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগর জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘জঙ্গি, সন্ত্রাসবাদ ও রাজাকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে। এই যুদ্ধেই ফয়সালা হবে বাংলাদেশ শান্তির দিকে যাবে নাকি পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়ার মতো হবে।’ মন্ত্রী অভিযোগ করেন, ‘খালেদা জিয়া পাকিস্তানের দালাল। আর বিএনপি ইতিহাসের ডাস্টবিন।’ তিনি বলেন, জঙ্গি দমন, নিজের শক্তিতে উন্নয়ন ও বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে সরকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাংসদ মঈন উদ্দীন খান বাদল। আরও বক্তব্য দেন সাংসদ শিরীন আখতার, নাজমুল হক প্রধান প্রমুখ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জাসদের সভাপতি আবু বক্কর সিদ্দিকী।
সম্মেলনে অর্থমন্ত্রীর সমালোচনা করে সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘চট্টগ্রামের ব্যাপারে আমাদের অর্থমন্ত্রী উদাসীন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কেন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন হচ্ছে না। কেন টাকা ছাড় করা হচ্ছে না? অর্থমন্ত্রী তো সারা দেশের। চট্টগ্রামের ব্যাপারে তিনি কেন এত উদাসীন?’
সাংসদ বাদল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রতিশ্রুতির পর আমাদের মধ্যে আশা জেগেছিল যে এই বন্দরটি হবে। দিল্লিতে গিয়ে একজন বলে এসেছেন যে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর হবে না। কেন হবে না সেটা আমি জিজ্ঞাসা করতে চাই। আমি বলতে চাই, চট্টগ্রাম বন্দরের টাকা দিয়ে পায়রা বন্দর করেন, তাতে আমার আপত্তি নেই। কিন্তু সোনাদিয়ার কি গভীরতা কম? কেন এই বন্দর হবে না? আমাদের সন্দ্বীপ চ্যানেলের গভীরতা যাচাই করে দেখুন। সেখানেও জাহাজ ভেড়ার মতো গভীরতা আছে। আমরা সন্দ্বীপ চ্যানেলে জাহাজ দেখতে চাই। সেখানেও বন্দরের কার্যক্রম চালু করার মতো সব উপাদান আছে।’
সাংসদ শিরীন আখতার বলেন, ‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের ত্যাগ না করলে খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে।’ সাংসদ নাজমুল হক প্রধান বলেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধাদের একের পর এক খুন করে পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছে। তাই জাসদ যত দিন থাকবে, বিচারের দাবি করে যাবে।’
কমিটি: সম্মেলনে আবু বক্কর সিদ্দিকীকে সভাপতি এবং জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।