বিএনপিকে নিয়ে শরিকদের মধ্যে হতাশা, অবিশ্বাস
বিএনপিকে নিয়ে ১৯-দলীয় জোটের শরিকদের মধ্যে হতাশা ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। সরকার-বিরোধী আন্দোলনে বিএনপি মাঠে নামতে পারবে কি না, তা নিয়েও সন্দিহান শরিক দলের নেতারা।
বিশেষ করে, জোটের ভেতরে ও বাইরে বিএনপির মিত্র হিসেবে পরিচিত ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনগুলোর মধ্যে এই হতাশা প্রকট হয়ে উঠেছে। এরই মধ্যে ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে বিএনপির কিছুটা দূরত্বও তৈরি হয়েছে।
১৯-দলীয় জোটের শরিক আটটি দল ও একটি সমমনা সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এ অবস্থার কথা জানা গেছে। এসব নেতা বলেন, সরকারবিরোধী আন্দোলনে বিএনপির ভবিষ্যৎ নিয়ে তাঁরা সন্দিহান। তাঁরা মনে করছেন, বিরোধী দলকে দমন করতে বা ব্যস্ত রাখতে বর্তমান সরকার এ পর্যন্ত যত কৌশল নিয়েছে, তার বিপরীতে বিএনপি বা তার নেতৃত্বাধীন জোটের কোনো কৌশলই টেকেনি। এ ক্ষেত্রে ক্ষমতাপ্রত্যাশী দল হিসেবে বিএনপির আন্দোলন ছিল ‘অসংগঠিত ও দায়সারা’ গোছের।
নাম প্রকাশে অনিচ্ছুক ১৯-দলীয় জোটের দায়িত্বশীল তিনজন নেতা বলেন, সরকারবিরোধী কার্যকর আন্দোলনের জন্য জোটের শরিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত যে ধরনের বোঝাপড়া বা সমন্বয় থাকা দরকার, বিগত আন্দোলনে তা ছিল না। জোটের প্রধান দুই শরিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে স্পষ্টত দূরত্ব ছিল। তার ওপর আন্দোলনের কৌশল ও কর্মসূচি নিয়ে খোদ বিএনপির ভেতরে শুরু থেকেই অদৃশ্য বিরোধ বা সমন্বয়হীনতা ছিল, যা এখনো আছে।
এ ছাড়া রাজধানী ঢাকাসহ বিএনপির প্রায় সব পর্যায়ের সাংগঠনিক অবস্থা এখনো অগোছালোই রয়ে গেছে। সব মিলিয়ে ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপিকে নিয়ে জোটের শরিকদের মনে একধরনের হতাশার সৃষ্টি হয়, যা ক্রমেই ‘আস্থার সংকটে’ রূপ নিচ্ছে বলে জোটের নেতারা জানান।
১৯ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান শরিকদের মধ্যে ‘হতাশা ও অবিশ্বাস’ থাকার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, এটা হচ্ছে সময়ের বাস্তবতা। ক্ষমতার কাছাকাছি গেলে জোটের রাজনীতিতে ঐক্য জোরদার হয়। আবার ক্ষমতা থেকে দূরে সরে গেলে, হতাশা-অবিশ্বাস বাড়ে। এটা কেবল জোট নয়, দলের ভেতরেও দেখা দেয়।
জোটের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, বিএনপির সঙ্গে জোটের শরিকদের একটি অংশের দূরত্ব আছে যথাযথ ‘মূল্যায়ন’ পাওয়া না-পাওয়া নিয়ে। তারা মনে করে, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, বাংলাদেশ-ন্যাপসহ কয়েকটি দলকে সরকারের পক্ষ থেকে নানা প্রস্তাব-প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু তারা তাতে সাড়া দেয়নি।
এলডিপির সম্পাদকীয় পদের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে যেতে আমাদের জন্য লোভনীয় প্রস্তাব ছিল। আমরা তা উপেক্ষা করেছি। কিন্তু তার জন্য বিএনপির কাছ থেকে যে আচরণ পাওয়া উচিত ছিল তা পাইনি।’ এই নেতা বলেন, দেশে একের পর এক বড় ঘটনা ঘটছে, কিন্তু বিএনপি নির্বিকার। তারা নিজেরাও সংগঠিত হচ্ছে না, জোটকেও কার্যকর করছে না। এতে স্বাভাবিকভাবে হতাশা তৈরি হচ্ছে।
৫ জানুয়ানির নির্বাচনের পর বেশি হতাশায় পড়ে জামায়াতসহ বিএনপিঘেঁষা ধর্মভিত্তিক দলগুলো। নির্বাচনের পর পর ইউরোপিয়ান পার্লামেন্টসহ দেশি-বিদেশি বিভিন্ন মহলের চাপে জামায়াত ও হেফাজতে ইসলাম থেকে দূরত্ব বজায় রাখতে বিএনপি যে কৌশল নেয়, তা এখনো বজায় আছে। উপরন্তু উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ঐক্যজোট ও জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কের ছন্দপতন হয়। উপজেলা নির্বাচনে জামায়াতের একক প্রার্থিতা, বিশেষ করে জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় বিএনপির সঙ্গে জামায়াতের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা ভালোভাবে নেয়নি বিএনপির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চেয়েও না পেয়ে মনঃক্ষুণ্ন হয় তিন শরিক দল ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম।
জানতে চাইলে ১৯-দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী জোটের রাজনীতির পাশাপাশি দেশের সামগ্রিক অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘রাজনীতিতে দুটি ধারা চলছে। একটি এর বাইরে গিয়ে কোথায় দাঁড়াব। উদ্যোগ নিতে হবে বিএনপিকে। আমরা তাতে কেবল কন্ট্রিবিউট করতে পারি।’
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, আন্দোলন না থাকলে হতাশা বাড়ে, নানা রকম সংকটও দেখা দেয়। আন্দোলন শুরু হলে হতাশা-সংকট কিছুই থাকবে না।