পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচন এবং সর্বদলীয় সরকারে যোগদানের আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে এই আহ্বান জানান। হাছান মাহমুদ বলেন, ‘আমি প্রধান বিরোধী দলকে ধ্বংসযজ্ঞ ও মানুষের ওপর হামলা বন্ধ করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিশ্ব জনমতের প্রতি সাড়া দিয়ে তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলামের দুই-একটি গাড়ি ভাঙলে হবে না—এমন বক্তব্য তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল ইসলাম তাঁর বক্তব্যের মাধ্যমে দুইটি জিনিস পরিষ্কার করেছেন। একটি হলো, এত দিন যারা ভাঙচুর ও নৈরাজ্য করেছে এটা তাঁরা করিয়েছেন। আবার নেতা-কর্মীদের আন্দোলনে সম্পৃক্ত করতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম এ সালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সীতাকুণ্ড ও মিরসরাইয়ে ধারাবাহিক নাশকতা প্রতিরোধে আওয়ামী লীগ ১০টি ইউনিয়ন কমিটি গঠন করেছে বলে জানানো হয়।