বিএনপিকে নির্বাচনে যেতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ জন্য প্রধান বিরোধী দল বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে একটা সমঝোতায় আসার ওপরও গুরুত্বারোপ করেন।
গত সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত এই পরামর্শ দিয়েছেন বলে বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এসব নেতা জানান, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে খালেদা জিয়া বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে তাতে বিএনপি অংশ নেবে না।
মার্কিন পরামর্শ সম্পর্কে জানতে চাইলে ঢাকায় দেশটির দূতাবাসের মুখপাত্র বিরাজ লাবেইলি গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আগামী দিনগুলোতে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রক্রিয়া ঠিক করতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে কাজ করার জন্য আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি।’ তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোন পথে এগোতে হবে, তা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই ঠিক করবে।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সোমবারের বৈঠকে ছিলেন বিএনপির এমন একাধিক নেতা প্রথম আলোকে বলেন, রাষ্ট্রদূত মজীনার সঙ্গে আলোচনায় তাঁদের মনে হয়েছে যে বাংলাদেশের আগামী নির্বাচন হওয়া নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। দেশটি যেকোনো পরিস্থিতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর চায়। অন্য কোনো শক্তির উত্থান তারা চায় না। এ কারণে বিএনপির নির্বাচনে অংশ নেওয়াটা জরুরি বলে যুক্তরাষ্ট্র মনে করছে। ওই নেতারা এ-ও জানান, বিএনপি ক্ষমতায় গেলে ভবিষ্যতে কী কী বিষয়কে প্রাধান্য দেবে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁদের দল শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না, বিষয়টি বৈঠকে তাঁরা যুক্তরাষ্ট্রের কাছে পরিষ্কার করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। এ জন্য আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো একটি সমঝোতায় পৌঁছাক। এ ব্যাপারে বিএনপি ও যুক্তরাষ্ট্রের অবস্থান এক। তবে সমঝোতা না হলে বিএনপি কী করবে, সেটা বিএনপির নিজস্ব ব্যাপার।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বিভিন্ন সময়ে কথা বলেছেন। ওই বৈঠকগুলোতেও মজীনা বিএনপির নেতাদের নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।