বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেছেন, সরকার দেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে একের পর এক ষড়যন্ত্র করছে। সরকারের প্রতিহিংসার শিকার হচ্ছেন খালেদা জিয়া ও তারেক রহমান। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
গতকাল রোববার বিকেলে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে শাহাদাত হোসেন দাবি করেন, সরকার জঙ্গি দমনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জঙ্গি দমনের নামে যেভাবে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে তাতে জঙ্গিদের অর্থায়নের জোগানদাতা ও গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি বা খালেদা জিয়া-তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখা উচিত।
কোতোয়ালি থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাদেকুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহসহ নগর ও থানা ছাত্রদলের নেতারা।