বিএনপিকে নীরব পদযাত্রা কর্মসূচির পরামর্শ

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, ‘হরতাল এখন একটি ভোঁতা অস্ত্রে পরিণত হয়েছে। এটা দিয়ে কোনো সরকারের পতন ঘটনো সম্ভব নয়। যে কর্মসূচিতে কোনো অর্জন নেই, শুধু সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়, খেটে খাওয়া মানুষ কষ্ট পায়, দেশের অর্থনৈতিক ক্ষতি হয়, এমন কর্মসূচি বাদ দিয়ে নীরব পদযাত্রা কর্মসূচি করতে পারেন। নীরব পদযাত্রার একটি সরব আবেদন আছে।’
আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর জেলখানা মোড়ে পদচারী সেতু ও রায়পুরা উপজেলার জঙ্গিশিবপুর-রায়পুরা আঞ্চলিক সড়কে দুটি সেতু উদ্বোধন করে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পর কোনো রাজনৈতিক দল হরতাল আন্দোলন করে কোনো সরকারের পতন ঘটাতে পারেনি। বর্তমান সরকারের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। এই সরকারও পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকবে।’
মন্ত্রী বলেন, যেকোনো সরকারের শেষ বেলায় এসে যেকোনো প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। কারণ সেখানে দেখা যায় দলীয় স্বার্থসংশ্লিষ্ট নানামুখী চাপের মুখে অনেক কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয় না। এগুলো থেকে যদি বেরিয়ে আসা যেত, তাহলে জনদুর্ভোগ অনেকাংশে কমে যেত। এ সময় তিনি ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়কের অগ্রগতি, পদ্মা সেতু নির্মাণের অগ্রগতি, যানজট নিরসনের বিভিন্ন পদক্ষেপ ও ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে রূপান্তরিত করার পরিকল্পনার কথা সাংবাদিকদের বলেন।
পদচারী সেতু উদ্বোধনের পর মন্ত্রী সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত রায়পুরা উপজেলার জঙ্গিশিবপুর-রায়পুরা সড়কের তুলাতুলি সেতু ও বারৈচা খামারের সেতু উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওবায়দুল আজম, সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোহর আলী, পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন ও জেলা ছাত্রলীগের সহসভাপতি শহীদুল ইসলাম মোল্লা প্রমুখ।