বিএনপিকে ফাঁসাতে এটি সরকারের গভীর ষড়যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলার রায়কে প্রহসনমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে বিএনপি। তাদের অভিযোগ, বিএনপিকে ফাঁসাতে এবং হেয়প্রতিপন্ন করার জন্য এটি সরকারের গভীর ষড়যন্ত্রেরই অংশ।
গত বৃহস্পতিবার রায়ের পর গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির পক্ষ থেকে এটাই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। রিজভী আহমেদ বলেন, ‘যারা ১০ ট্রাক অস্ত্র ধরল, তাদেরই শাস্তি দেওয়া হলো।’
বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে বিগত জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তা ছাড়া রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, অস্ত্র আটকের খবর দেওয়া হলে খালেদা জিয়া নীরব থাকেন এবং এই অস্ত্র চোরাচালানের সঙ্গে হাওয়া ভবনের সম্পৃক্ততা ছিল।
এক দিন পর বিএনপি প্রতিক্রিয়া জানালেও বৃহস্পতিবার বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জামায়াতে ইসলামী এক বিবৃতিতে রায়কে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করে।
এদিকে গতকাল রাতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রিজভী আহমেদ তাঁদের সরকারের সময়ে ১০ ট্রাক অস্ত্র মামলার অভিযোগপত্রের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বিবিসিকে বলেন, ‘কারা কীভাবে জড়িত হতে পারে, জড়িতদের কী ধরনের তারতম্য থাকবে, তার কি কোনো সামাজিক স্তর থাকে। অনেক লেবারও পরে দেখা গেছে, অনেক বড় সন্ত্রাসী হয়ে গেছে। নানা ধরনের অন্তর্ঘাতমূলক কাজে জড়িত থেকেছে।’
এসব শ্রমিকের পক্ষে এত বড় অস্ত্র চোরাচালানের ক্ষমতা আছে কি না, সেই প্রশ্নের উত্তরে বিএনপির এই নেতা বিবিসিকে বলেন, ‘তারা তো মানুষ, মানুষের অন্তর্নিহিত ক্ষমতা কখন কার মধ্যে কীভাবে থাকে, কে কীভাবে জড়িত হতে পারে, তার কি কোনো ঠিক আছে।’
গতকালের সংবাদ সম্মেলন রিজভী আহমেদ বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার অনেক জেলাকে বধ্যভূমিতে পরিণত করেছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘কেউ অপরাধ করে থাকলে বিচার করুন। বিনা বিচারে হত্যা করবেন না। এটা বন্ধ করুন। নইলে দেশে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, এ থেকে উত্তরণে আন্দোলন তীব্রতর করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।’
সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহানগর সদস্যসচিব আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।