গণতন্ত্র একক কোনো দল বা সংগঠনের নয়। তাই গণতন্ত্র রক্ষায় সবার এগিয়ে আসতে হবে। অধিকার আদায়ে নাগরিকদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।
গতকাল শনিবার বরিশাল নগরের বিএনডিএন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। বেলা সাড়ে তিনটায় সুজনের বরিশাল জেলা ও মহানগর শাখা ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সুজন বরিশাল জেলা শাখার সভাপতি আক্কাস হোসেন। এতে মানবাধিকার জোট বরিশালের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, নারীনেত্রী ফজিলাতুন্নেছা, জাতীয় পার্টির জেলা সভাপতি মহসিন-উল-ইসলাম, জাসদের জেলা সম্পাদক আবদুল হাই মাহবুব, গণফোরামের জেলা শাখার সভাপতি হিরণ কুমার দাস, সুজন মহানগর সভাপতি নজরুল ইসলাম, প্রমুখ বক্তৃতা করেন।
সভায় বক্তারা বলেন, শুধু দশম জাতীয় সংসদ নির্বাচন নয়, পরবর্তী সব নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে, সে জন্য সবার কাজ করা উচিত।
বদিউল আলম বলেন, এ দেশে শুধু সরকারই স্বাধীন। বাকি সব প্রতিষ্ঠান তাদের ইচ্ছার দাস। তারা যেভাবে চাইবে, সেভাবেই চলতে হবে। এটা হতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটবে, এটাই নাগরিদের প্রত্যাশা।