বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করে ক্ষমতায় গেলে সেই সরকার ১৬ দিনও টিকতে পারবে না। আর এমন নির্বাচন অনুষ্ঠানের পরিণামও শুভ হবে না।গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস-পানি ও বিদ্যুৎ-সংকটের সমাধান, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও লক্ষ্মীপুরের নুরুল ইসলামের হত্যাকারীর ফাঁসির আদেশ মওকুফের প্রতিবাদে বিএনপি পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করে।সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এরশাদ সাহেব বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাঁর দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরশাদ সরকারের সময় ১৯৮৬ সালের নির্বাচনে জাতীয় বেইমান শেখ হাসিনা অংশ নিয়েছিলেন। কিন্তু ওই সরকার মাত্র ১৬ মাস টিকেছিল।’ তিনি বলেন, এবার বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা হলে সেই সরকার ১৬ দিনও ক্ষমতায় থাকতে পারবে না।সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলায় খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘জাতির কাছে ক্ষমা চাইতে হবে শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে নয়। জনগণের ভোটাধিকার হরণ, বাকস্বাধীনতা কেড়ে নেওয়া ও অতীতের কুকর্মের জন্যই প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।’একই দাবিতে গতকাল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো সারা দেশের উপজেলা, জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করে।কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। কিন্তু প্রচণ্ড গরমের কারণে কর্মসূচি তাড়াতাড়ি শেষ করা হয়। সমাবেশ উপলক্ষে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে সমবেত হন।ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ বক্তব্য দেন।