বিএনপিকে ভুল কমানোর পরামর্শ বি. চৌধুরীর

বিএনপিকে ভুল কমানোর পরামর্শ দিয়েছেন বিএনপি ছেড়ে যাওয়া বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘ভুল কমিয়ে দেন। তারপর যখন জনগণের কাছে যাবেন তখন দেখবেন জনগণ পাগল হয়ে গেছে।’
আজ বৃহস্পতিবার বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বি চৌধুরী এই পরামর্শ দেন। তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মঞ্চের সামনে দর্শক সারিতে বসে ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওই আলোচনা সভার আয়োজন করে। সভার ব্যানারে জিয়াউর রহমানকে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ দাবি করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া, তবে তিনি বক্তব্য দেননি। মঞ্চেও ওঠেননি, বসেছিলেন দর্শক সারিতে।
বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী এক দশক পর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় উপস্থিত হলেন। তিনি বলেন, জিয়াউর রহমান ইতিহাসের অংশ। তাঁকে বাদ দিয়ে যারা ইতিহাস রচনা করতে চায়, তারা ইতিহাসের শত্রু। জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উদ্যোগে মিথ্যা ছড়ানো হচ্ছে দাবি করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে জিয়াউর রহমানকে শিশুদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে।
বিএনপির অপর দলছুট নেতা এলডিপির সভাপতি অলি আহমদ বলেন, তাঁর দল এলডিপি, জামায়াত বা এরশাদকে বাদ দিয়ে সরকার দেশ চালাতে পারে, কিন্তু বিএনপিকে বাদ দিয়ে দেশ চালানো সম্ভব নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, অনেকে মনে করছেন বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে। চরম ডানপন্থী রাজনৈতিক দল হিসেবে বিশ্বে বিএনপির একটি ‘ইম্প্রেশন’ দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি একটি মধ্যপন্থী উদার গণতান্ত্রিক দল। এটি প্রমাণ করতে প্রয়োজনে কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।