বিএনপিকে ভয় দেখাতে চিফ হুইপের ওপর হামলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপির নেতা-কর্মীদের ভয় দেখাতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা করেছে সরকার। গতকাল শনিবার এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। সরকারকে হুঁশিয়ার করে মির্জা ফখরুল বলেন, সরকার ভুল ধারণা করেছে। ভয় দেখিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে গত বুধবার জয়নুল আবদিনের ওপর পুলিশ হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ওই হামলার প্রতিবাদে ও হরতালের সময় আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।সমাবেশে মির্জা ফখরুল বলেন, হামলা-মামলার ভয় দিয়ে সরকার বিরোধী দলের আন্দোলন দমাতে চায়। কিন্তু সরকারের বোঝা উচিত, এভাবে আন্দোলন দমানো যায় না। তিনি বলেন, ফারুকের ওপর সরকার পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। কেননা বিরোধী দলের চিফ হুইপ সরকারি দলের শীর্ষনেতার ছেলের দুর্নীতির কথা অকপটে বলে দিয়েছেন।সমাবেশে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে গেছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। গণ-অনশনে নেতৃত্ব দেবেন খালেদা: বিএনপির গণ-অনশন কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ১৩ জুলাই বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কর্মসূচি শুরু হবে।নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক যৌথসভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ কথা জানান। ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করবে বিএনপি। গতকালের যৌথ সভায় বিএনপির সাংগঠনিক পরিস্থিতি, গণ-অনশন কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে করণীয় সম্পর্কে আলোচনা হয়। মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান দেশে ফিরবেন কি না তা নিয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। কেননা এ বিষয়টি সম্পর্কে এখনো কিছু জানি না।’ ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছিরউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।