বিএনপিকে মাঠছাড়া করতে নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় প্রার্থীদের নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। গতকাল দুপুরে শহরের নওয়াবাড়ী সড়কের বিএনপির দলীয় কার্যালয়ে।  ছবি: প্রথম আলো
দলীয় প্রার্থীদের নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। গতকাল দুপুরে শহরের নওয়াবাড়ী সড়কের বিএনপির দলীয় কার্যালয়ে। ছবি: প্রথম আলো

বগুড়ায় ‘গায়েবি’ মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা না চালানোর হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকাগুলোতে ধানের শীষের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ধানের শীষের প্রার্থীরা। সাতটি আসনে বিএনপির প্রার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বগুড়া-১ আসনের ধানের শীষের সাবেক সাংসদ রফিকুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের জি এম সিরাজ, বগুড়া-৬ সদর আসনের মির্জা ফখরুল ইসলামের পক্ষে খালেদা জিয়ার উপদেষ্টা বগুড়ার পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান এবং বগুড়া-৩ আসনে প্রার্থিতা ফিরে পাওয়া মাছুদা মোমিন উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, নির্বাচন থেকে বিএনপিকে মাঠছাড়া করতে মামলা দেওয়া হচ্ছে। দলের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচারণা না চালানোর জন্যও হুমকি দেওয়া হচ্ছে।

বগুড়া-১ আসনের ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ বিএনপির প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। ধানের শীষের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। তবে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

>সাতটি আসনে বিএনপির প্রার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা বিএনপির সভাপতি।

বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন অভিযোগ করেন, গত শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণার সময় না হলেও তাঁর এলাকায় একটি ভাঙা মোটরসাইকেলে আগুন দিয়ে ৬১ জনের নামে মামলা দেওয়া হয়েছে।

জানতে চাইলে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, বিএনপির অভিযোগগুলো সত্য নয়। সব ভিত্তিহীন। এখন পর্যন্ত বিএনপি পুলিশের কাছে কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আ.লীগের পাল্টা অভিযোগ

এদিকে বগুড়া-১ আসনের বিএনপি প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। গতকাল সকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। লিখিত বক্তব্য পড়েন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মোহাম্মাদ জিয়াউল করিম। তিনি বলেন, ২০ ডিসেম্বর বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম গাড়িবহর নিয়ে সোনাতলায় আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় নেমেছেন। বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বিএনপির প্রার্থীর হামলায় আওয়ামী লীগের অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপির প্রার্থী নিজে এ হামলার সামনে ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ আবদুল মান্নানের উন্নয়নের গতিধারা বাধাগ্রস্ত করতে বিএনপি প্রার্থী সন্ত্রাসের মাধ্যমে অপতৎপরতা শুরু করেছেন।