জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপিকে অতীতের রাজনীতির ভুলগুলো বুঝে মানবতাবাদী রাজনীতিতে ফিরে আসতে হবে। হত্যা, ক্যুর রাজনীতির যুগ শেষ। তিনি বলেন, আশা করব বিএনপির বন্ধুরা একবিংশ শতাব্দীর রাজনীতি উপলব্ধি করবেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ শতাব্দীতে সরকার পরিবর্তনের পথ একটাই, নির্বাচন। আর কোনো সুযোগ নেই। তারা (বিএনপি) পঞ্চম সংশোধনীর রায় মেনে নেবে। বঙ্গবন্ধু হত্যার রায় মেনে নেবে। ঘাতকদের বিরুদ্ধে কথা বলবে। জাতির জনককে মেনে নেবে। তাহলে রাজনীতিতে নতুন যুগের উন্মেষ ঘটবে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘পঞ্চম সংশোধনীর রায়ের পর সংবিধান স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে গেছে। আগামীতে সংবিধান সংশোধন কমিটির সভা বসছে। তাতে কমিটি এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেবে। এতে আইন মন্ত্রণালয়কে বলা হবে রায়ের মাধ্যমে পরিবর্তিত সংবিধান প্রতিস্থাপিত করতে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যুদ্ধাপরাধীর বিচার ভিয়েতনাম, কম্বোডিয়া ও বসনিয়া-হার্জেগোভিনায় হচ্ছে। এটা বাংলাদেশের ইস্যু নয়। যুদ্ধাপরাধ দল বা জাতির বিরুদ্ধে নয়, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। আশা করব, বিএনপিও এটিকে সমর্থন করবে। তিনি বলেন, এই বিচার অন্যান্য বিচারের মতো নয়। এ সরকারের সময়সীমার মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি হবে। এটা জাতির প্রত্যাশা। সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল শনিবার মৌলভীবাজার শহরে আর এস কায়রান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সৈয়দ মহসীন আলী, সাবেক সাংসদ হোছনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, হোটেল মালিক ও প্রবীণ রাজনীতিবিদ গজনফর আলী চৌধুরীসহ আরও অনেকে।