বিএনপিকে শক্তিশালী করাই এখন বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটাই এখন বড় চ্যালেঞ্জ। তাই দল গোছানোর পাশাপাশি সরকারবিরোধী আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিতে কাজ করতে হবে।গতকাল সোমবার উত্তরার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুল দলের সাংগঠনিক কাজ দেখভালের দায়িত্ব পেয়েছেন। পরবর্তী মহাসচিব নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁকে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের গঠনতন্ত্রে পরিষ্কার বলা আছে, মহাসচিবের অবর্তমানে যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব থাকবেন, তিনিই মহাসচিবের দায়িত্ব পালন করবেন। সে কারণেই চেয়ারপারসন সৌদি আরব যাওয়ার সময় তাঁকে দায়িত্ব পালন করতে বলেছেন। মির্জা ফখরুল বলেন, ‘স্থায়ীভাবে মহাসচিবের দায়িত্ব পেলে দলকে আরও শক্তিশালী করে তুলে, মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করব। মির্জা ফখরুল দাবি করেন, বিএনপিতে এখন কোনো বিভক্তি নেই। তবে কিছু অসংগতি থাকতেই পারে। তিনি জানান, ঢাকা মহানগরে বিএনপির কমিটি না থাকায় রাজধানীতে আন্দোলনে দুর্বলতা আছে। চেয়ারপারসন সৌদি আরব থেকে দেশে ফিরে আসার পরপরই মহানগর কমিটি ঘোষণা করা হবে।