বিএনপিকে সংলাপে আনতে এবার টেলিফোনে আমন্ত্রণ
নির্বাচনী আইন সংস্কারসংক্রান্ত সংলাপে অংশ নিতে বিএনপিকে এবার টেলিফোনে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গত সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে এ আমন্ত্রণ জানান। তবে এ বিষয়ে বিএনপি থেকে গতকাল সোমবার পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া পায়নি কমিশন।এম সাখাওয়াত হোসেন গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে গত সপ্তাহে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলাপ করেছি। কমিশনের পক্ষ থেকে বিএনপিকে আবারও আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তাদের দিক থেকে কোনো জবাব আসেনি। তবুও আশা করি, বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হবে। না এলে কিছু করার নেই।’সাখাওয়াত হোসেন জানান, ৭ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে। বিরোধী দল চাইলে এর আগে যেকোনো দিন কমিশনের সঙ্গে বসতে পারে।এই সংলাপে অংশ নিতে এর আগে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে তিন দফায় বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়। প্রতিবারই বিএনপি বর্তমান কমিশনকে বিতর্কিত আখ্যা দিয়ে সংলাপে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করে।ছয়টি দলকে কারণ দর্শাতে বলা হবে: সাখাওয়াত হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় ছয়টি রাজনৈতিক দলকে কারণ দর্শাতে বলা হবে। দলগুলো হলো, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বিকল্পধারা বাংলাদেশ, গণফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এবং বাংলাদেশ কল্যাণ পার্টি। বিএনপিসহ ১১টি দলের সময় বাড়ানোর আবেদন কমিশন বিবেচনা করে দেখবে।