তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বিএনপি কখনো জনগণকে আস্থায় নিতে পারে না। জনগণের জন্য আন্দোলন করে না। তারা সব সময় ক্ষমতায় যাওয়ার জন্য কিছু বিপথগামী সেনাসদস্যকে সঙ্গে নিয়ে চক্রান্ত করে।গতকাল বুধবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। বিরোধী দলের সরকার পতনের আন্দোলন সম্পর্কে আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখায় বিএনপি। ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের কাছে যান। আমরা যখন আন্দোলন করেছি, তখন আপনাদের জন্মও হয়নি। আমাদের পদত্যাগ করতে বলছেন, মধ্যবর্তী নির্বাচন দাবি করছেন। সাহস থাকলে সংসদে এসে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। দেখেন, দেশের মানুষ আমাদের চায় কি না।বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের প্রস্তাবিত বাজেটকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করলেও বাস্তবায়নযোগ্য বলেছেন। তিনি বলেন, ছোট বাজেট হলে মন্ত্রীরা আরাম-আয়েশে সময় কাটাতেন, বড় বাজেট বলে মন্ত্রীদেরও এখন কাজের পেছনে ছুটতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, বিএনপি হাইকোর্ট মানে না, সুপ্রিম কোর্ট মানে না। মনের জ্বালা মেটাতেই এ নিয়ে তারা আন্দোলন করতে চায়। গতকালের বাজেট আলোচনায় আরও অংশ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, আবদুল মান্নান, মোস্তফা জালাল মহিউদ্দিন, ইলিয়াসউদ্দিন মোল্লাহ, জাতীয় পার্টির নাসিম ওসমান, হাবিবুর রহমান মোল্লা, শাহীন মনোয়ারা হক, ফরিদা রহমান, খাদিজা খাতুন, আসমা জেরিন, আবদুল মজিদ খান, জহিরুল হক ভূঁইয়া, মেরাজউদ্দিন মোল্লা, মমতাজ বেগম প্রমুখ। বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে আন্দোলন না করে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান এবং প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ জানান।