দেশের স্বার্থে বিএনপিকে জাতীয় সংসদে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সমর্থক বুদ্ধিজীবীরা। বিএনপির কোষাধ্যক্ষ আবদুল মান্নানের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গতকাল শুক্রবার তাঁরা এ আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতারা বলেছেন, বিএনপি সংসদে যাবে এবং অকার্যকর সংসদকে কার্যকর করবে।রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তবে খালেদা জিয়া অনুষ্ঠানে বক্তব্য দেননি। লজ, আনলজ, অ্যাভব-লজ, আউটলজ অ্যান্ড ইন-লজ ও জাতীয় সংসদ এবং আমি শীর্ষক বই দুটির মোড়ক উন্মোচন করেন সাবেক প্রধান বিচারপতি জে আর মোদাচ্ছির।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, জাতীয় সংসদের ইতিহাস বড়ই করুণ। এর আগে কোনো সংসদ কার্যকর হয়নি। নবম সংসদও অকার্যকর হয়ে আছে। তিনি বিএনপির উদ্দেশে বলেন, সংসদের এই করুণ ইতিহাসের পরিবর্তন হওয়া উচিত। একে কার্যকর করা দরকার। সংসদে গিয়ে জনগণের কথা বলার জন্য তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।সাংবাদিক মাহফুজউল্লাহ বলেন, ‘বিএনপির সংসদে যাওয়া উচিত। কারও দয়ায় কোনো দল রাজনীতি করে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার বলেন, বিএনপি সংসদে যাবে। প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি জে আর মোদাচ্ছির বলেন, উন্নয়নের স্বার্থে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। বইয়ের লেখক আবদুল মান্নান বলেন, চারবার সাংসদ নির্বাচিত হয়ে সংসদে রাখা তাঁর ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়েছে জাতীয় সংসদ এবং আমি বইয়ে। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা টি এইচ খান, সহসভাপতি খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির প্রমুখ বক্তব্য দেন।