বিএনপিকে 'ছাড়' দিল না জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিএনপিকে ছাড় দিচ্ছে না জামায়াত। সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের আমির তাওহীদুল হক চৌধুরী শেষ পর্যন্ত মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে পৌরসভায় মেয়র নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের সমঝোতার চেষ্টা কার্যত বিফলে গেছে।
বিএনপির কয়েকজন নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের আগমুহূর্ত পর্যন্ত ‘ছাড়’ বিষয়ে জামায়াতের নেতাদের সঙ্গে দেন-দরবার চলে। কিন্তু দুই পক্ষই অনড় থাকায় সমঝোতা হয়নি।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, জামায়াত যেহেতু দলীয়ভাবে নির্বাচন করতে পারছে না, বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী সৈয়দ আবুল মুনছুরকে জোটের প্রার্থী ঘোষণা করার জন্য জামায়াতের নেতাদের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা একেক সময় একেক কথা বলেছেন। তিনি বলেন, ‘বিএনপির প্রার্থী ব্যক্তি হিসেবে জনপ্রিয়। সুষ্ঠু নির্বাচন হলে মানুষ ধানের শীষে ভোট দেবে।’ তবে বিএনপির এই নেতার আশা, শেষ পর্যন্ত জামায়াত তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, ‘গত উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী পৌরসভা এলাকায় বেশি ভোট পেয়েছিলেন। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির মেয়র পদপ্রার্থী থেকে জামায়াতের প্রার্থী অধিক গ্রহণযোগ্য।’