বিএনপিকেও বিলবোর্ডে উন্নয়নকাজ প্রচারের আহ্বান হানিফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিলবোর্ডে সরকারের প্রচার নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে বলেছেন, ‘ক্ষমতায় থাকতে আপনারা (বিএনপি) কোনো উন্নয়ন করে থাকলে তা জাতির সামনে তুলে ধরুন। বিলবোর্ডে প্রচার করুন।’
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি এবং নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এই বর্ধিত সভা করা হয়।
বিলবোর্ডে প্রচারের পক্ষে যুক্তি তুলে ধরে হানিফ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিএনপির চোখে পড়ে না। তাই তাদের দেখানোর জন্যই বিলবোর্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘বিএনপি আমাদের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার চালিয়েছে। আমাদের উন্নয়ন কর্মকাণ্ড নাকি তাদের চোখে পড়ে না। তাই তাদের চোখে আঙুল দিয়ে আমাদের উন্নয়ন দেখাচ্ছি।’
‘বিলবোর্ডে অসত্য তথ্য দেওয়া আছে’—বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের এমন অভিযোগের সমালোচনা করে হানিফ বলেন, ‘রোজা রেখে টুপি পরে এম কে আনোয়ার মিথ্যাচার করছেন। বিলবোর্ডে কোথায় অসত্য তথ্য আছে, তা আমাদের দেখিয়ে দিন। অন্যথায় এই মিথ্যা কথার জন্য জাতির কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে।’ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।