বিএনপিতে আনন্দ, আ. লীগে বিষাদ
মৌলভীবাজার জেলার পাঁচটি পৌরসভাতেই মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয় ছিল গতকাল বুধবার সর্বত্র আলোচনার বিষয়। এই বিজয় নিয়ে বিএনপিতে চলছে উল্লাস। আর আওয়ামী লীগে বিষাদ। আওয়ামী লীগের এই বিপর্যয় দলের বেশির ভাগ নেতা-কর্মীকেই হতাশ করেছে। বিভিন্ন স্তরের নেতা-কর্মী মনে করছেন দলীয় কোন্দলের কারণেই এই বিপর্যয়। মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, কমলগঞ্জ পৌরসভায় বিগত নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন। কেবল বড়লেখা পৌরসভায় নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। অনেকেরই ধারণা ছিল, এবার চিত্র পাল্টে যাবে। কিন্তু চিত্রটি পাল্টানো দূরে থাক, গতবারের পৌরসভার মেয়র পদটিও এবার হাতছাড়া হয়ে গেছে। জেলার পাঁচটি পৌরসভার মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থীরাই। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, ‘আমরা দল করি, দলে একাধিক গ্রুপ আছে। সব কথা খুলে বলতে পারি না। তবে সত্য হচ্ছে, পাঁচটি পৌরসভার মধ্যে চারটিতেই দলীয় একাধিক প্রার্থী ছিলেন। আওয়ামী লীগ প্রার্থীদের এই বিপর্যয় মূলত অন্তঃকলহের কারণেই হয়েছে। শুধু বড়লেখা পৌরসভায় একজন প্রার্থী ছিলেন। কিন্তু সেখানে দলের চেয়েও আঞ্চলিকতা কাজ করে। বড়লেখায় পরাজয়ের এটিও একটি কারণ।’ এদিকে দলের এই বিপর্যয়ে অনেক নেতা-কর্মীই হতাশ। অন্যদিকে বিএনপিতে অভ্যন্তরীণ বিরোধ সত্ত্বেও দলীয় প্রার্থীদের জয়ে নেতা-কর্মীরা আনন্দিত। অনেককেই উল্লাস করতে দেখা গেছে। সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আমি যাঁদের সমর্থন দিয়েছি, তাঁরা জয়লাভ করেছেন।’ দলের বিপর্যয় মূল্যায়ন করতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রথম আলোকে বলেন, ‘এক কথায় বলতে চাই, আমাদের নির্বাচনী কৌশলে ভুল ছিল।’ তিনি এর বেশি কোনো মন্তব্য করতে চাননি।