বিএনপিতে একক প্রার্থী আওয়ামী লীগে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান চেয়ারম্যান শাফায়েত আজিজকে একক প্রার্থী ঘোষণা করেছে। তাঁকে নিয়ে উপজেলা বিএনপি গ্রামে-গঞ্জে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

তবে উপজেলা আওয়ামী লীগ এখনো তাদের প্রার্থীই ঘোষণা করতে পারেনি। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি।

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ছয়জন প্রার্থী এত দিন প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী, জহিরুল ইসলাম, বর্তমান সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুর রহমান।

গত ২৮ জানুয়ারি একক প্রার্থী নির্বাচনের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা করে। ওই সভায় একক প্রার্থী ঘোষণা করতে ব্যর্থ হয়। পরে আরও দুই দফা বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, একক প্রার্থী বাছাই করে নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার নির্দেশ রয়েছে। আজ শনিবার জেলা আওয়ামী লীগের একটি বিশেষ টিম একক প্রার্থী নির্ধারণের জন্য পেকুয়া আসছে। তারা একক প্রার্থী ঘোষণা করবে। যাঁরা দলের সিদ্ধান্ত মানবেন না, তাঁদের বহিষ্কার করা হবে।

গতকাল বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের নেতা এস এম গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম, ওয়াহিদুর রহমান ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের অব্যাহত চাপে আমি প্রার্থী হয়েছি।’ তবে দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে জানান তিনি।

ওয়াহিদুর রহমান বলেন, ‘গত উপজেলা পরিষদ নির্বাচনে আমার বাবা প্রার্থী হয়ে অল্প ভোটে পরাজিত হয়েছেন। আমি তাঁর ইমেজকে কাজে লাগিয়ে উপজেলা চেয়ারম্যান হতে চাই। নেতা-কর্মীরাও চাচ্ছেন আমাকে।’

স্থানীয় ভোটাররা জানিয়েছেন, পেকুয়া এলাকাটি বিএনপি অধ্যুষিত। এ ছাড়া এক সপ্তাহ আগে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজকে একক প্রার্থী ঘোষণা করে প্রচার-প্রচারণায় নেমেছেন বিএনপির নেতা, কর্মী ও সমর্থকেরা। এতে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে বিএনপি।

শাফায়েত আজিজ বলেন, ‘দল আমাকে সমর্থন করেছে। এখন গত পাঁচ বছরের কাজের মূল্যায়ন করবে ভোটাররা।’ আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা বলেন, ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী দিতে না পারায় বিএনপি সহজে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন। এবারও একই আশঙ্কা দেখা দিয়েছে।