চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে বিএনপির এক নেতা মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
জেলা ও উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী দুই নেতা ও দলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে বৈঠক হয়। ওই বৈঠকে বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান খানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।
তবে দলের সিদ্ধান্ত না মেনে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমেরিকাপ্রবাসী মো. হেলাল উদ্দিন মজুমদার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। গত রোববার হেলাল উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলমগীর কবির পাটওয়ারী বলেন, ‘জেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীরা তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে মতামত দিয়েছেন। আমিও আমার মতামত দিয়েছি। প্রার্থী অনেকটাই চূড়ান্ত। জেলা থেকে প্রার্থীর নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে।’