জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন দখলে রাখতে আওয়ামী লীগ এক বছর ধরে তৎপরতা চালাচ্ছে। এ লক্ষ্যে মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক গোপন ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সাংসদ ও হুইপ মির্জা আজমের উপস্থিতিতে ওই সব নির্বাচন হয়। কিন্তু বিএনপির এমন কোনো তৎপরতা লক্ষ করা যাচ্ছে না; বরং দলটিতে কোন্দল দিন দিন বেড়েই চলছে।
আওয়ামী লীগের নেতা ও এলাকাবাসী সূত্র জানায়, মির্জা আজম এই আসনের টানা চারবারের সাংসদ। এই সুবাদে এলাকায় তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। মাদারগঞ্জে সড়ক পাকাকরণ, যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধ পুনর্নির্মাণ এবং শতাধিক সেতু, বক্স-কালভার্ট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি তিনি এলাকায় বেশ কিছু স্কুল, কলেজ, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, মেলান্দহে বিএনপির দুটি পক্ষ রয়েছে। সেখানে ১৯৯৯ সালে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়। বর্তমানে এক পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান। তিনি ২০০১ সালের নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন। সে সময় তিনি ১১ হাজার ভোটের ব্যবধানে মির্জা আজমের কাছে পরাজিত হয়েছিলেন।
অন্য পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মেলান্দহ পৌরসভার মেয়র হাজি দিদার পাশা। তিনি ২০০৮ সালের নির্বাচনে মাদারগঞ্জ-মেলান্দহ আসন থেকে বিএনপির প্রার্থী মো. মোস্তাফিজুরের পক্ষে কাজ করেছিলেন। ২০০১ সালের আগে দিদার পাশা ছিলেন আওয়ামী লীগে। কেন্দ্র থেকে আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন—এ আশায় তিনি গত বছরের প্রথম থেকে মেলান্দহ-মাদারগঞ্জে প্রচারণা শুরু করেন। সেই থেকে বিএনপিতে আবারও বিরোধ শুরু হয়। দলের এই কোন্দল মেটাতে কেন্দ্র থেকে কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও কোনো ফল হয়নি।
দিদার পাশা বলেন, ‘দলের সঙ্গে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে দল যাঁকে মনোনয়ন দেবে, আমি তাঁর হয়েই কাজ করতে রাজি আছি।’ মোস্তাফিজুর রহমান বলেন, ‘যত বিরোধ থাকুক না কেন, আমি এ নিয়ে কোনো চিন্তাভাবনা করি না। আমি বিএনপিতে আছি, থাকব। এবারও বিএনপি থেকে মনোনয়ন পাব। এর কারণে হয়তো বা কেউ বিরোধিতা করতে পারেন।’
আওয়ামী লীগের সাংসদ মির্জা আজম বলেন, ‘আমি এলাকার অনেক উন্নয়ন করেছি। আমার বিশ্বাস, আগামী নির্বাচনে মনোনয়ন পাব এবং বিজয়ী হব।’