বিএনপিতে দুই ভাই আ.লীগে প্রার্থী নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। তবে একজন প্রার্থী নিজেকে আওয়ামী লীগের সমর্থক দাবি করছেন। বিএনপির দুই প্রার্থীর একজন নিজেকে সর্বদলীয় ও অন্যজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন।১২ জুন অনুষ্ঠেয় ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ওই পৌরসভায় চারজন প্রার্থী মাঠে আছেন। তাঁদের মধ্যে ডোমার উপজেলা বিএনপির সভাপতি মনছুরুল ইসলাম টেলিভিশন প্রতীক নিয়ে, তাঁর ছোট ভাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোসাব্বের হোসেন দেয়ালঘড়ি প্রতীক, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবু সুফিয়ান তালা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বজলুর রহমান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাঁদের মধ্যে আবু সুফিয়ান নিজেকে আওয়ামী লীগের সমর্থক ও আওয়ামী পরিবারের একজন দাবি করছেন। বজলুর রহমান নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাবি করছেন। গত সোমবার ডোমার পৌরসভা এলাকায় প্রার্থীদের গণসংযোগ চলাকালে প্রার্থী, সমর্থক ও ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।এ সময় প্রার্থী আবু সুফিয়ান বলেন, ‘আমার বড় ভাই আল আজাহার পর পর দুবার ডোমার পৌরসভার মেয়র নির্বাচিত হন। এবার তিনি শারীরিক অসুস্থতার কারণে প্রার্থী হতে পারেননি।’ প্রার্থী মনছুরুল ইসলাম বলেন, ‘আমি শুধু বিএনপির প্রার্থী নই, সর্বদলীয় প্রার্থী। স্থানীয় নির্বাচনে কোনো দল থাকবে না।’ আপনারা দুই ভাই বিএনপি করেন, আবার দুজনই প্রার্থী হলেন, কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমার ভাইকেই জিজ্ঞেস করুন।’মনছুরুল ইসলামের ছোট ভাই মোসাব্বের হোসেন বলেন, ‘যেহেতু আমার বড় ভাই বর্তমান সভাপতি, সে হিসেবে তিনিই বিএনপির প্রার্থী। তবে তিনি দলের সমর্থন পেয়েছেন কি না সেটা আমার জানা নেই।’ বড় ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী হলেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিগত নির্বাচনে যে কারণে পরাজিত হয়েছি, সেগুলো সংশোধনের চেষ্টা করেছি। তিন বছর ধরে নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছি। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে হঠাৎ করে বড় ভাই নির্বাচনের ঘোষণা দিলেন।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ প্রধান প্রথম আলোকে বলেন, ‘মনছুরুল ইসলাম বর্তমান কমিটির সভাপতি। তাই দল তাঁকে সমর্থন দিয়েছে। তাঁর ছোট ভাই মোসাব্বের হোসেন, তিনিও বিএনপি করেন। কিন্তু সাবেক সভাপতি হওয়ায় তাঁকে দলীয় প্রার্থী করা হয়নি।’স্বতন্ত্র প্রার্থী বজলুর রহমান বলেন, ‘প্রতিপক্ষ কাউকে ছোট করে দেখছি না। সবাইকে প্রতিপক্ষ মনে করি। আমার লড়াই কালো টাকার বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে।’