বিএনপিতে দুলা ভাই আওয়ামী লীগে চাচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হাসান ,সাফি উদ্দিন
আবুল হাসান ,সাফি উদ্দিন

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বর্তমান মেয়র আবুল হাসান। বিএনপির সমর্থন নিয়ে আবুল হাসানের প্রতিপক্ষ পৌর বিএনপির ১ নম্বর নির্বাহী সদস্য সাফি উদ্দিন। সাফি উদ্দিন উপজেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের দুলা ভাই। আর আবুল হাসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছার আপন চাচা।
নাম প্রকাশে অনিচ্ছুক দল দুটির একাধিক নেতা বলেন, কুলিয়ারচরে রাজনীতি ও নির্বাচন দীর্ঘদিন ধরে ‘ইছা’ আর ‘পঁচা’ বলয়ভুক্ত হয়ে চলছে। এ থেকে বের হওয়ার পথ উন্মুক্ত হচ্ছে না। দুই নেতার ভাবনার বাইরে কারও পক্ষে নির্বাচন করে সফল হওয়াও সম্ভব নয়—এমন ধারণা পেয়ে বসায় নেতৃত্বের বিকাশ ঘটছে না।
ইমতিয়াজ বিন মুছার বাবা মুছা মিয়া কুলিয়ারচর কোল্ড স্টোরেজের মালিক। তাঁরা প্রতিষ্ঠিত চিংড়ি রপ্তানিকারক। অনেকটা সম্মান জানিয়েই স্থানীয়রা পরিবারটিকে ‘ইছা’ পরিবার হিসেবে ডাকেন। আর আলম গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শরীফুল আলম ‘পঁচা’ সাবানের মালিক। সেই হিসেবে পঁচা বললেই শরীফুল আলমকে বোঝানো হয়।
দলীয় সূত্র জানায়, গত দুই যুগে এই দুই পরিবারের দুই আস্থাভাজন ছাড়া তৃতীয় কেউ নির্বাচন তো দূরের কথা প্রার্থী হওয়ার কথা ভাবেন না। এই অবস্থায় আওয়ামী লীগ ২৭ নভেম্বর প্রার্থী ঘোষণা করে। আর বিএনপি ঘোষণা করে তারও দুই দিন আগে।
কুলিয়ারচর মর্যাদায় তৃতীয় শ্রেণির পৌরসভা। পৌরসভায় উন্নীত হয় ১৯৯৯ সালে। ভোটার প্রায় ২০ হাজার। প্রতিষ্ঠার পর আবুল হাসান নয় মাস প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম নির্বাচনে আবুল হাসান, পরের নির্বাচনে শরীফুল আলমের আস্থাভাজন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল মিল্লাত, সর্বশেষ নির্বাচনে আবারও আবুল হাসান নির্বাচিত হন।
গতকাল শনিবার গিয়ে দেখা যায়, উভয় প্রার্থী ও তাঁদের সমর্থকেরা গণসংযোগ করছেন। গণসংযোগের সময় দলীয় পরিচয়কে গুরুত্ব দেওয়া হচ্ছিল।
ভগ্নিপতিকে প্রার্থী করার বিষয়ে শরীফুল আলম বলেন, ‘সাফি উদ্দিন আমার আপন ভগ্নিপতি হলেও আমারও আগে তিনি রাজনীতি শুরু করেন। মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ অনেক আগ থেকেই।’
চাচাকে প্রার্থী করার বিষয়ে ইমতিয়াজ বিন মুছার যুক্তিও শরীফুল আলমের মতোই। তিনি বলেন, ‘প্রার্থী বাছাইয়ের বিষয়ে শুক্রবার আমরা বসেছিলাম। দলের কেউ প্রার্থী হননি। শেষে তৃণমূলের নেতারাই আমার চাচার নাম প্রস্তাব করেন।’
দীর্ঘদিন ধরে একই ধারায় চলায় নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে আছে কি না, এমন প্রশ্নে দুই নেতার বক্তব্য, কুলিয়ারচরের জনগণ তাঁদের ওপর আস্থা রাখে। তাঁরাও তাদের বিশ্বাস অর্জন করেই আছেন।