
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। পৌরসভা গঠনের পর বিগত দুই নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন। কিন্তু এবার তাঁকে প্রার্থী না করার জন্য দলের নেতা-কর্মীরা এককাট্টা। এ পরিস্থিতিতে জয় পেতে মরিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আওয়ামী লীগ ও বিএনপির আটজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শিবগঞ্জ পৌরসভা গঠনের পর দুবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই দুই নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন মতিয়ার রহমান। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন তৌহিদুর রহমান। এবারের নির্বাচনেও ওই দুজনকে ঘিরেই নির্বাচনী মাঠ তৈরি হচ্ছিল। কিন্তু এবার দলীয়ভাবে পৌর নির্বাচন হওয়ায় এখানকার রাজনৈতিক চিত্র পাল্টে গেছে।
বিএনপির পাঁচজন নেতা বলেন, মতিয়ার রহমান বর্তমানে স্থানীয় বিএনপির রাজনীতিতে কোণঠাসা। তিনি গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময় থেকেই তিনি উপজেলা ও পৌর বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা বা পৌর বিএনপির কোনো কমিটিতেই সদস্য পর্যন্ত করা হয়নি। এবারের নির্বাচনে মতিয়ারকে প্রার্থী না করতে পৌর ও উপজেলা বিএনপি এককাট্টা। প্রাথমিকভাবে মেয়র প্রার্থী হিসেবে বগুড়া জেলা কমিটির কাছে উপজেলা বিএনপির আহ্বায়ক মীর শাহে আলম, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও পৌর বিএনপির আহ্বায়ক বুলবুল ইসলাম—এ তিনজনের নাম পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের চার-পাঁচজন নেতা-কর্মী বলেন, বিএনপির জনপ্রিয়তা আগের মতো নেই। তাদের যোগ্য প্রার্থীও নেই। আবার মতিয়ার রহমান দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাদের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নিয়ে আওয়ামী লীগ পৌর নির্বাচনে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করেছে। এ জন্য আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে তৌহিদুর রহমানের নাম আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, পৌর নির্বাচনে খুব সহজে জয়লাভের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে পারলে এ উপজেলায় তার ঢেউ খেলে যাবে। তখন আওয়ামী লীগের ভোটের রাজনীতির এখানে যে দুর্নাম আছে, তা খুব সহজেই মুছে যাবে।
শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে প্রার্থী নিয়ে কোনো সমস্যা হবে না। আর ধানের শীষ প্রতীক থাকলে পৌরসভায় যাকে মনোনয়ন দেওয়া হবে তিনিই অনায়াসে জয়লাভ করবেন।
মেয়র মতিয়ার রহমান বলেন, ‘আমি গত দুবার বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলাম এবং দুবারই বিপুল ভোটে জয় পেয়েছি। আশা করছি, আমার জনপ্রিয়তার বিষয়টি বিবেচনা করে বিএনপি আমাকেই মনোনয়ন দেবে।’
তৌহিদুর রহমান বলেন, এখানে বিএনপি দুই দফা আন্দোলনে ব্যর্থ হওয়ায় মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। এ ছাড়াও অভ্যন্তরীণ কোন্দলে তারা জর্জরিত। তা ছাড়া বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা বেড়েছে। তাই বিএনপি কোনোভাবেই পৌরসভা নির্বাচনে সুবিধা করতে পারবে না।