কমিটি গঠন নিয়ে বিভক্ত পাবনা জেলা বিএনপির বিরোধ আবার প্রকাশ্য রূপ নিয়েছে। পাবনা সদর উপজেলা পরিষদের ৩১ মার্চের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দলের দুই অংশ দুজনের নাম ঘোষণা করেছে।
নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক প্রবীণ নেতা বলেন, কিছু নেতার একগুঁয়েমির কারণে পাবনায় বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে। বিরোধ নিষ্পত্তি না হলে জেলা থেকে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘জেলা বিএনপিতে কোনো বিরোধ নেই। দল থেকে বহিষ্কার হওয়া কিছু নেতা বিএনপিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। বিদ্রোহী সেজে দলের ক্ষতি করছে। আমরা কেন্দ্রীয় বিএনপিকে বিষয়টি জানিয়েছি।’
দল থেকে জানা যায়, কমিটি গঠন নিয়ে ২০০৯ সালের জুন মাসে পাবনা জেলা বিএনপি বিভক্ত হয়। এক অংশের নেতৃত্ব দেন জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অন্য অংশে সর্বশেষ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান। দলের মূল অংশের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পৌরসভার মেয়রের নেতৃত্বাধীন অংশের নেতা-কর্মীরা পাবনা জেলা বিএনপি রক্ষা কমিটি তৈরি করেন। দুই ভাগে চলতে থাকে দলীয় কর্মকাণ্ড। গত পাঁচ বছর দলের একাংশ সকালে করলে অন্য অংশ করে বিকেলে।
এরই ধারাবাহিকতায় আসন্ন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলের দুটি অংশ দলীয় সমর্থনে পৃথক দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের দুই অংশ পাবনা প্রেসক্লাব মিলনায়তনে গত বৃহস্পতিবার ও গত রোববার পৃথক সংবাদ সমেঞ্চলন করে নিজেদের প্রার্থীকে দলের একক প্রার্থী দাবি করে। বৃহস্পতিবার প্রথম সংবাদ সমেঞ্চলন করে হাবিবুর রহমান নেতৃত্বাধীন অংশ। এ অংশের সভাপতি কে এস মাহমুদসহ নেতা-কর্মীরা দলীয় একক প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবীর নাম ঘোষণা করেন। একইভাবে রোববার পাল্টা সংবাদ সমেঞ্চলন করে কামরুল হাসান নেতৃত্বাধীন অংশ। পাবনা জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ব্যানারে এই সংবাদ সমেঞ্চলন হয়। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পাবনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।
বক্তারা বলেন, বিদ্রোহী অংশ বলে কিছু নেই। তাঁরাই দলের মূল অংশ। জেলা বিএনপির সব নেতা-কর্মী তাঁদের সঙ্গে আছেন। এ কারণেই বিগত পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে কামরুল হাসান নির্বাচিত হয়েছেন। এই নেতা-কর্মীদের সিদ্ধান্তেই জেলা বিএনপির একক প্রার্থী হিসেবে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।