বিএনপিতে বিদ্রোহ আ.লীগে ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের ঘরে ঐক্য গড়ে তুলতে পারলেও বিএনপিতে দেখা দিয়েছে বিদ্রোহ। এই দুই পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী ছাড়াও দলটির আরও তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তাহেরপুরে বর্তমান মেয়র ও দলের পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ভবানীগঞ্জে পৌরসভা শাখার সভাপতি আবদুল মালেক মণ্ডল মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাহেরপুরে আবুল কালাম আজাদই দলীয় মনোনয়ন চেয়েছিলেন। অপর সম্ভাব্য প্রার্থীরাও তাঁকে সমর্থন দিয়েছিলেন। এ প্রসঙ্গে বর্তমান মেয়র বলেন, তাঁর পৌরসভায় দলের ভেতরে বা বাইরে কোনো বিরোধ ছিল না, এখনো নেই।
এদিকে ভবানীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের চার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাঁদের নামও কেন্দ্রে পাঠানো হয়েছিল। তাঁরা হলেন আওয়ামী লীগের উপজেলা শাখার আইন-বিষয়ক সম্পাদক সাঈদ আলী, সদস্য গোলাম মোস্তফা, পৌরসভা শাখার সভাপতি আবদুল মালেক মণ্ডল ও সাধারণ সম্পাদক এস এম মামুনুর রশীদ। এর মধ্যে দল থেকে আবদুল মালেককে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় প্রার্থী হিসেবে তাঁকে চিঠি দেওয়ার পরেই উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা আহ্বান করে। গত বুধবার সকালে চানপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় দপ্তরে অনুষ্ঠিত ওই জরুরি সভায় দলের স্থানীয় নেতারা ছাড়াও সাঈদ আলী, গোলাম মোস্তফা ও মামুনুর রশীদ বক্তব্য দেন। এ সময় তাঁরা দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন। এরপর তাঁরা আর মনোনয়নপত্র দাখিল করেননি।
কিন্তু তাহেরপুরে আবু নঈম শামসুর রহমানকে বিএনপি থেকে প্রার্থী মনোনীত করা হলেও সেখানে একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। আবু নঈমকে দল থেকে মনোনয়ন দেওয়া হলেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ছাত্রদলের তাহেরপুর শাখার সভাপতি এস এম আরিফুল ইসলাম ও যুবদলের সভাপতি আবদুল আলিম। আর ভবানীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী আবদুর রাজ্জাক। সেখানে ‘বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন যুবদলের পৌরসভা শাখার সভাপতি শাহিনুর ইসলাম।
এ বিষয়ে গতকাল শুক্রবার ‘বিদ্রোহী’ প্রার্থী আরিফুল ইসলাম বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের কোনো মতামত নেওয়া হয়নি।
ভবানীগঞ্জের বিদ্রোহী প্রার্থী শাহিনুর বলেন, তাঁকে প্রথমে মনোনয়ন দেওয়া হলেও পরে পরিবর্তন করা হয়েছে। তিনি দাবি করেন, দলীয় নেতা-কর্মী ও এলাকার ভোটারদের দাবির প্রেক্ষাপটে তিনি প্রার্থী হয়েছেন।
তবে তাহেরপুরের বিএনপির প্রার্থী আবু নঈম ও ভবানীগঞ্জের আবদুর রাজ্জাক বলেন, দলে ‘বিদ্রোহী’ প্রার্থীরা তাঁদের কোনো ক্ষতি করতে পারবেন না।