দলে বিভেদ থাকলেও পাবনার ঈশ্বরদী পৌরসভার মেয়র পদে মনোনয়নের জন্য বিএনপির সম্ভাব্য তিনজন প্রার্থী ব্যাপক তোড়জোড় শুরু করেছেন। এদিকে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন একজনই।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন ঈশ্বরদীর বর্তমান মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি মকলেছুর রহমান, ঈশ্বরদী পৌর বিএনপির ছাত্রবিষয়ক ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সুমন এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।
মকলেছুর রহমান পরপর তিনবার নির্বাচিত হন। এবারও তিনি দলীয় মনোনয়নের আশায় ঢাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে যান। মেয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের বিএনপি-সমর্থিত একটি সংগঠনের ১২ জন মেয়রের সঙ্গে মকলেছুর রহমানও ছিলেন বলে সেখানে উপস্থিত ঈশ্বরদীর বিএনপির এক নেতা জানান।
অপরদিকে দলীয় মনোনয়নের জন্য ইমরুল কায়েস নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করে চলছেন। দলীয় মনোনয়নের জন্য তিনি গত মঙ্গলবার পাবনা জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের কাছে আবেদন করেছেন। একই সঙ্গে এস এম ফজলুর রহমানও জেলা কমিটির কাছে আবেদন করেন। তবে প্রায় দেড় বছর আগে পৌর বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামানকে শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে কমিটির সভায় নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু হঠাৎ করেই গত শুক্রবার রাতে আক্তারুজ্জামানকে পৌর বিএনপির এক সভায় আমন্ত্রণ জানিয়ে বিএনপির সদস্য বিষ্ঠ সরকার তাঁকে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলেন। জবাবে আক্তারুজ্জামান বলেন, ‘আমার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি দেওয়া হয়নি। আমি কীভাবে প্রার্থী হই। দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর জন্যই আমি ভোট চাইব।’
দলের দুজন নেতা জানান, পৌর মেয়র মকলেছুর রহমানের পক্ষে নির্বাচনের জন্য মাঠে কাজ করছেন আক্তারুজ্জামান। কিন্তু পৌর কমিটির কাছে অগ্রহণযোগ্য নেতা মকলেছুর রহমানের কাছ থেকে তাঁকে সরিয়ে আনতেই বৈঠকে ওই প্রস্তাব দেওয়া হয়। তবে আক্তারুজ্জামান খোলাখুলি এ বিষয়ে কিছু জানাননি।
দলের পাঁচ-ছয়জন নেতা জানান, ঈশ্বরদীর বিএনপিতে বিরোধের কারণে বিগত কয়েকটি সংসদ নির্বাচনে এই আসনটি তাঁদের হাতছাড়া হয়। নির্বাচন এলেই বিএনপিতে বিরোধ চাঙা হয়ে ওঠে। এবারের পৌর নির্বাচনেও ঈশ্বরদীর বিএনপিতে আবারও দুই পক্ষের বিরোধ দৃশ্যমান হয়ে উঠছে। ঈশ্বরদী পৌর বিএনপির দুঃসময়ের কান্ডারি বলে পরিচিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু গতবার কারাগারে বন্দী থেকেই মেয়র পদে নির্বাচন করেছিলেন। দলের পদবঞ্চিত আরেক অংশের প্রার্থী ছিলেন মকলেছুর রহমান। এবার নির্বাচনের জন্য মনোনয়নের মাঠে নেই মামলায় জর্জরিত জাকারিয়া পিন্টু। তবে তিনি প্রার্থী না হওয়ায় তাঁর উত্তরসূরি হিসেবে ইমরুল কায়েস মাঠে নেমেছেন মেয়র পদে মনোনয়নের আশায়।
যোগাযোগ করা হলে ইমরুল কায়েস বলেন, তিনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। মনোনয়ন পেলে নির্বাচন করবেন।
পৌর মেয়র মকলেছুর রহমান বলেন, তিনি এবারও নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এ জন্য বিএনপির নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন।
পরপর দুবার হাতছাড়া হয়ে যাওয়া পৌরসভার মেয়র পদে বিজয়ের জন্য আবার পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ জোর নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। তিনি ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের পৌর নির্বাচনে মেয়র পদে একমাত্র প্রার্থী থাকছেন আবুল কালাম আজাদ। ইতিপূর্বে পৌর কমিটির সভায় তাঁকে একক প্রার্থী করার জন্য সিদ্ধান্ত হয়। পৌর এলাকার নয়টি ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরাও আবুল কালাম আজাদকে প্রার্থী হিসেবে মত দিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি মেয়র পদে নির্বাচনে অংশ নিতে স্থানীয় নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা বলেন, ‘মেয়র প্রার্থী হওয়ার জন্য আবুল কালাম আজাদ ছাড়া আর কেউ আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেননি।’
সর্বশেষ গতকাল বিকেলে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ বৈঠক করে আবুল কালাম আজাদের নাম সুপারিশ করে জেলা কমিটির কাছে পাঠিয়েছে।