বিএনপিতে বিভেদের অবসান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে কেন্দ্রের নির্দেশে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে জেলা বিএনপির দুটি পক্ষ।
গতকাল শনিবার বিকেলে পৌরসভার বালাঘাটায় ১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বিএনপির জেলা সভাপতি সাচিং প্রু জেরি। এ সময় তিনি দলের মেয়র পদপ্রার্থী জাবেদ রেজাকে পরিচয় করিয়ে দেন এবং প্রার্থীর পক্ষে সব নেতা-কর্মীকে কাজ করার আহ্বান জানান।
জেলা সভাপতি সাচিং প্রু জেরি, সাধারণ সম্পাদক আজিজুর রহমান (জেরি-আজিজ), ছাত্রবিষয়ক সম্পাদক জাবেদ রেজা (বর্তমান মেয়র ও মেয়র পদপ্রার্থী) ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ (জাবেদ-মাবুদ) এ দুই ধারায় বান্দরবান বিএনপি বিভক্ত। দুই পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষও হয়েছে। জেরি-আজিজ পক্ষ জাবেদ রেজার মেয়র প্রার্থিতা নিয়ে বিরোধিতাও করেছিল।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাবেদ রেজা পক্ষের নেতা আব্দুল মাবুদ বলেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমানের উপস্থিতিতে জেলা সভাপতির বাসভবনে গতকাল দুপুরে জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন। তিনি (মাহবুবুর) বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে বলেছেন এবং দুই পক্ষকে হাত মিলিয়ে দিয়েছেন। সেখান থেকে বালাঘাটা নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে যান নেতারা।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরি প্রথম আলোকে বলেন, দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রতীকের বাইরে গিয়ে কাজ করার কারও সুযোগ নেই। সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।