বিএনপিতে ভাশুর ও ছোট ভাইয়ের বউ কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যদিকে বিএনপি থেকে দলের সমর্থন চাচ্ছেন দুজন। সম্পর্কে তাঁরা আপন ভাশুর ও ছোট ভাইয়ের বউ। তাঁরা হলেন নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আকবর হোসেন ও তাঁর ছোট ভাই আবুল হোসেনের স্ত্রী সোনিয়া হোসেন। প্রয়াত আবুল হোসেন এই ইউনিয়নের বিএনপি-সমর্থক চেয়ারম্যান ছিলেন। তাই দল থেকে কে সমর্থন পাবে, তা নিয়ে নাসিরাবাদে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। তাঁরা দুজনই দল থেকে সমর্থন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন।

গত জুলাইয়ে নাসিরাবাদ ইউনিয়নটি ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডে রূপান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ইউনিয়নের ইদারকান্দি, ফকিরখালী, বালুর পাড়, বাবুর জায়গা, দাসেরকান্দি, জোড়ভিটা, ত্রিমোহনী পূর্বপাড়া, লায়ন হাটি ত্রিমোহনী, ইমামবাগ, উত্তরগাঁও, ত্রিমোহনী টেকপাড়া, গৌরনগর, ইসলামবাগ, নাসিরাবাদ, শেখের জায়গা গ্রাম নিয়ে এই ওয়ার্ড গঠন করা হয়। এখানে ভোটারসংখ্যা প্রায় সাড়ে ১৫ হাজার।

আওয়ামী লীগ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে ৭৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী বাছাইয়ে নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈঠক করে স্থানীয় আওয়ামী লীগ। বৈঠকে খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শরীফ আলী খান ও সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। বৈঠকের শুরুতে দল থেকে সমর্থন নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করার মনোভাব প্রকাশ করেন নাসিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ব্যাপারী। এ সময় এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক ওমর আলী এবং ৭৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লাও নির্বাচন করার কথা বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডাও হয়। শরীফ আলী খান ও মাহাবুবুল আলম পরিস্থিতি সামাল দেন। তাঁরা সিদ্ধান্ত দেন, দলের কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী তাঁদের যে নির্দেশনা দেবেন, তাঁরা তা মেনে নেবেন।

আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতা জানান, ২০১৪ সালে নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে জহিরুল ইসলাম ব্যাপারী ও তাঁর ছোট ভাই আরিফুল ইসলাম ব্যাপারী এবং আবদুল্লাহ আল মামুন অংশ নেন। তবে তাঁরা দল থেকে সমর্থন পাননি। জহিরুল ইসলাম পরে সরে দাঁড়ালেও দলের ভোট দুই ভাগ হয়ে গেছে। এতে বিএনপি-সমর্থিত প্রার্থী আকবর হোসেন নির্বাচনে জয় লাভ করেন। এবারও যদি এমন হয় তাহলে দলের পরাজয় ঘটবে। তাই দল যাঁকে যোগ্য মনে করে সমর্থন দেবে, সবার তাঁকে সমর্থন দিতে হবে বলে মত দেন তাঁরা।

জানতে চাইলে জহিরুল ইসলাম ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘নাসিরাবাদে আমার পরিবারের ঐতিহ্য আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় আমার বাবা এমদাদ হোসেন বৃহত্তর ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমিও বৃহত্তর ডেমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি, নাসিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। তাই অন্য প্রার্থীদের তুলনায় আমার রাজনৈতিক অবস্থান ভালো। তাই দল থেকে আমি সমর্থন আশা করছি।’ একইভাবে দলের সমর্থন চান আবদুল্লাহ আল মামুন।

বিএনপি

ঢাকা মহানগর দক্ষিণ ও স্থানীয় বিএনপি সূত্র জানায়, ২০১১ সালে নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে জয় লাভ করেছিলেন আবুল হোসেন। পরে ২০১৪ সালের আগস্টে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এরপর উপনির্বাচনে বিএনপির সমর্থন পান তাঁর স্ত্রী সোনিয়া হোসেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের চাপে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। তখন তাঁর ভাশুর আকবর হোসেন নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন।

ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, এই এলাকায় প্রয়াত আবুল হোসেন অনেক জনপ্রিয় ছিলেন। তাঁর জনপ্রিয়তাকে পুঁজি করেই তাঁর বড় ভাই আকবর হোসেন চেয়ারম্যান হয়েছেন। তবে ভাইয়ের পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক শীতল বলে জানা গেছে।

তবে সোনিয়া হোসেনকে নির্বাচনে বাধা দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আকবর হোসেন। তিনি বলেন, ‘দল যাকে সমর্থন দেবে, সেই বিএনপির প্রার্থী হবে।’

জানতে চাইলে সোনিয়া হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার শ্বশুরবাড়ির কেউ প্রত্যক্ষভাবে এখনো বাধা দেননি। তবে এবার যত বাধাই আসুক, আমি বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করব। নাগরিকদের উন্নয়নে আমার স্বামীর অসমাপ্ত কাজ ও পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব।’ তিনি বলেন, ‘আমি একজন সমাজসেবক হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব। নারী সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখব। দল-মত নির্বিশেষে সবাইকে আমাকে সমর্থন দেবে বলে আশা করি।’