বিএনপিতে মেয়র পদপ্রার্থী নেই!
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির কোনো নেতা আগ্রহ দেখাচ্ছেন না। এ অবস্থায় স্থানীয় বিএনপি সোনারগাঁ নাগরিক কমিটির প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মাত্র একজন মেয়র পদপ্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কোনো নেতা এখন পর্যন্ত মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ দেখাননি। এ অবস্থায় দলীয়ভাবে সোনারগাঁ নাগরিক কমিটির প্রার্থী বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও আমিনপুর ইউনিয়নে পরপর চারবারের নির্বাচিত চেয়ারম্যান (সোনারগাঁ পৌরসভা হওয়ার আগে পুরো পৌর এলাকা আমিনপুর ইউনিয়ন ছিল) সাদেকুর রহমানকে সমর্থন জানানো হয়েছে। সাদেকুর রহমান মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করার কারণেই বিএনপির কেউ নির্বাচন করতে চাচ্ছেন না বলে জানা গেছে।অন্যদিকে আওয়ামী লীগ থেকেও উপজেলা যুবলীগের সভাপতি গাজী মুজিবুর রহমান ছাড়া আর কেউ প্রার্থী হতে আগ্রহ দেখাননি। বর্তমান মেয়র সাইদুর রহমান মোল্লা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করার আগ্রহের কথা জানিয়েছেন। এ ছাড়া সমর্থন নেওয়ার জন্য তিনি আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ তিনজন পৌর এলাকার সর্বত্র চষে বেড়াচ্ছেন। গত শুক্রবার সাদেকুর রহমান স্থানীয় গোয়ালদী এলাকায় মতবিনিময় সভার আয়োজন করেন। সেখানে সাদেকুর রহমানকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি এম এ জামান, আওয়ামী লীগের নেতা ও স্থানীয় যুবসংঘের সভাপতি মোতালেব মিয়াসহ আওয়ামী লীগ ও বিএনপির শতাধিক নেতা-কর্মী।এম এ জামান বলেন, জনপ্রিয় ও যোগ্য প্রার্থী হিসেবে বিএনপির পক্ষ থেকে সাদেকুর রহমানকে সমর্থন দেওয়া হয়েছে। সাদেকুর রহমান বলেন, দলমত নির্বিশেষ পৌরবাসী সবাই তাঁকে পছন্দ করে, তাই নাগরিক কমিটির ব্যানারে তিনি নির্বাচন করবেন।বর্তমান মেয়র সাইদুর রহমান মোল্লা বলেন, ‘আমি কোনো দলের প্রার্থী হবো না, তবে দুই দলের নেতাদেরই সমর্থন নেওয়ার চেষ্টা করছি।’ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘দলীয়ভাবে বৈঠক করে আমরা প্রার্থী বাছাই করব। এখনো আমাদের প্রার্থী চূড়ান্ত হয়নি।’