বান্দরবান সদর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মনোনয়ন নিয়ে জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে।
দলীয় সূত্র জানায়, মেয়র প্রার্থীর মনোনয়ন নিয়ে জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান এক পক্ষে রয়েছেন।
অন্যদিকে, জেলা বিএনপির ছাত্র-যুববিষয়ক সম্পাদক জাবেদ রেজা ও সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদের মধ্যে মতভিন্নতা রয়েছে। জাবেদ রেজা সদর পৌরসভার বর্তমান মেয়র।
জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরি বলেন, গত বৃহস্পতিবার রাতে ২০-দলীয় জোটের প্রার্থী মনোনয়ন-সংক্রান্ত সভা হয়েছে। ওই সভায় জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইসলামকে সদর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রের
কাছে তাঁর জীবনবৃত্তান্ত পাঠানো হয়েছে।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ বলেন, বর্তমান মেয়র জাবেদ রেজার জীবনবৃত্তান্ত তাঁরা দলের কেন্দ্রীয় দপ্তরে পাঠিয়েছেন। তবে কেন্দ্র থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হবে তাঁর পক্ষে তাঁরা কাজ করবেন।
তবে ২০-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, মেয়র প্রার্থী মনোনয়নের বিষয়ে তাঁরা কোনো মতামত দেননি।
জেলা সভাপতির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি স্বীকার করে পৌর মেয়র জাবেদ রেজা বলেন, সাচিংপ্রু জেরির সঙ্গে কয়েকবার দেখা করার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। কোনো ধরনের ভুলভ্রান্তি থাকলে ক্ষমা চাওয়ারও তিনি সুযোগ দিচ্ছেন না।
তবে সাচিংপ্রু জেরি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত: মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বান্দরবান জেলা জাতীয় পার্টির নেতারা। দলের জেলা সাধারণ সম্পাদক শওকত জামান বলেন, বান্দরবান সদর পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মিজানুর রহমান। তিনি সদর পৌরসভার সাবেক মেয়র।