বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী গত সোমবার বিএনপিতে যোগ দেন। এরপর গতকাল বুধবার তিনি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
বিএনপিতে যোগদানের আগে নম্র চৌধুরী প্রথম আলোকে বলেছিলেন, ‘জাতীয় পার্টি যেভাবে মার্চ করছে তাতে দল বেশিদিন থাকবে না। আবার মাইনাস এরশাদেও দল থাকবে কি না, অনিশ্চিত। আর সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে এরশাদের পাগলামি আমাদের বিব্রতকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার করে তুলেছে। আমরা রাজনীতিতে তরুণ, আমাদের ভবিষ্যৎ আছে। তাই আমাদের একটা ডিসিশন নিতে হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন পেতে নম্র চৌধুরী আওয়ামী লীগ-বিএনপি দুই দলেই যোগাযোগ করেছেন। আশ্বাস পেলে তিনি যোগদান করবেন—এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। জেলা জাতীয় পার্টি সে সময় এমন কর্মকাণ্ডের জন্য তাঁকে তিরস্কার করে। বিএনপির তরফ থেকে কোনো সাড়া না পেয়ে তিনি দলের তৃণমূল নেতা-কর্মীদের কাছে ক্ষমা চেয়ে দলের সঙ্গে থাকার অঙ্গীকার করেন। পরে তিনি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাঠান। এরপর জাতীয় পার্টির সমর্থনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দেন। কিন্তু সোমবার রাতে ঢাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। এরপর গতকাল তিনি চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার ঘোষ বলেন, ‘তেভাগা আন্দোলনের নেতা হাজি মোহাম্মদ দানেশের নাতি এবং এরশাদ সরকারের কৃষিমন্ত্রী রেজওয়ানুল হক ইদু চৌধুরীর ছেলে নম্র চৌধুরী। নিজেও কেন্দ্রীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক। ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এমন একটি রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে তাঁকে দল বদল কেন করতে হবে বুঝছি না। বিএনপিতে যোগ দিয়ে তিনি ও তাঁর পরিবারের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছেন।’
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ বলেন, ‘নম্র চৌধুরী বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় তাঁর কী লাভ হবে বুঝতে পারছি না। তবে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় সুনিশ্চিত হলো এটা বলতে পারি।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হলে নম্র চৌধুরী আওয়ামী লীগে যোগদান করবেন—আমাদের কাছে এমন একটি প্রস্তাব পাঠিয়েছিলেন। তিনি বিএনপিতেও যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন এমন খবর পেয়ে বিষয়টি এড়িয়ে যাই।’
প্রার্থিতা প্রত্যাহারের পর নম্র চৌধুরী বলেন, ‘চেয়ারপারসন আমাকে বড় কোনো পদ দেওয়ার ইঙ্গিত করেছেন। তবে কী পদ পাচ্ছি সেটা সময়ই বলে দেবে।’