বিএনপিতে ৩, জাপায় ১, আওয়ামী লীগে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার মোট পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গাইবান্ধা-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাব্বী চৌধুরীর মৃত্যুর কারণে। চারটি আসনে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ১৭ জন নতুন মুখ। তাঁদের মধ্যে বিএনপির তিনজন প্রার্থী আছেন। তবে এসব আসনে আওয়ামী লীগের পুরানোরাই রয়ে গেছেন।

নতুন প্রার্থীরা হলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপির মো. মাজেদুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের মো. গোলাম আহসান হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফুল ইসলাম খন্দকার, স্বতন্ত্র এমদাদুল হক; গাইবান্ধা-২ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আল-আমিন, ইসলামী ঐক্যজোটের মাওলানা যুবায়ের আহমদ, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খান; গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির ফারুক কবির আহমেদ, জাতীয় পার্টির কাজী মশিউর রহমান, জাকের পার্টির আবুল কালাম, ইসলামী আন্দোলনের সৈয়দ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ছামিউল আলম, ন্যাশনাল পিপলস পার্টির মো. রাশেদ, মুসলিম লীগের সানোয়ার হোসেন এবং গাইবান্ধা-৫ আসনে বিএনপির ফারুক আলম সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রাজ্জাক মণ্ডল ও সিপিবির প্রার্থী যজেস্বর বর্মন।

গাইবান্ধা-১ আসনে এবারই প্রথম প্রার্থী হয়েছেন জামায়াত নেতা মো. মাজেদুর রহমান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। আসনটি জামায়াতকে ছাড় দিয়েছে বিএনপি।

গাইবান্ধা-৪ আসনে নতুন মুখ বিএনপির নেতা ফারুক কবির আহমেদ। একই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী।

এ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন কাজী মো. মশিউর রহমান।

মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে। এ আসনে নতুন মুখ ফারুক আলম সরকার। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলেন। হঠাৎ করে বিএনপিতে যোগ দিয়ে নতুন চমক সৃষ্টি করেছেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় ভোটাররা বলেন, ফারুক আলম দুই উপজেলায় অগভীর নলকূপ ও ছাতা উপহার দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন। ব্যক্তিগত ভাবমূর্তির কারণে কৃষক লীগের স্থানীয় অনেক কর্মী তাঁর সঙ্গে আছে।