বিএনপিতে 'গুরু-শিষ্যের' দ্বন্দ্ব, আওয়ামী লীগে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলা বিএনপিতে একসময়ে ‘গুরু-শিষ্য’ হিসেবে পরিচিত সেই দুই নেতার দ্বন্দ্ব-সংঘাত ও দলে নেতৃত্ব প্রতিষ্ঠার লড়াই এবার উপজেলা নির্বাচনে ভোটের মাঠ পর্যন্ত গড়িয়েছে। গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ‘শিষ্য’ জাহিদুল ইসলামকে জেলা কমিটি থেকে দলের সমর্থিত প্রার্থী ঘোষণা করে। এর কয়েক দিন পর গাবতলী পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ‘গুরু’ মোরশেদ মিলটনকে কেন্দ্রীয় কমিটি দলের সমর্থিত প্রার্থী ঘোষণা করে।
বর্তমানে জাহিদুল ইসলাম ও মোরশেদ মিলটন দুজনই নিজেকে বিএনপি-সমর্থিত প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন। এতে বিভ্রান্ত হচ্ছেন গাবতলী উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। ফলে দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলীতে স্বস্তিতে রয়েছে আওয়ামী লীগ।
মোরশেদ মিলটন দাবি করেন, কেন্দ্রীয় বিএনপি থেকে তাঁকে সমর্থন দেওয়া হয়েছে। তিনিই বিএনপির একক প্রার্থী। জাহিদুল দল থেকে পদত্যাগ করে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন।
জাহিদুল ইসলাম বলেন, ‘ম্যাডামই আমাকে প্রার্থী ঘোষণা দিয়েছেন। এখন পর্যন্ত ভোটাররা আমাকেই বিএনপির প্রার্থী হিসেবে জানেন।’
গতকাল সোমবার সরেজমিনে গাবতলীতে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপিতে দ্বন্দ্ব থাকলেও একক প্রার্থী থাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বস্তিতে রয়েছেন।
বিএনপির নেতা-কর্মীরা জানান, বিএনপির রাজনীতিতে জাহিদুলের উত্থান মোরশেদের হাত ধরে। ২০০৮ সালে দেশে জরুরি অবস্থা জারির আগ পর্যন্ত গাবতলী পৌরসভার মেয়র মোরশেদের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও হাওয়া ভবনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সুবাদে মোরশেদ গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ পান। জাহিদুল ছিলেন স্থানীয় নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন বিএনপির সভাপতি। মোরশেদের সঙ্গে জাহিদুলের ব্যাপক ঘনিষ্ঠতা ছিল। দুজনই একসঙ্গে থাকতেন। এ কারণে তাঁরা দলের নেতা-কর্মীদের কাছে ‘গুরু-শিষ্য’ উপাধি পান। ২০০৯ সালে গাবতলী উপজেলা পরিষদের নির্বাচনে মোরশেদের সমর্থনেই চেয়ারম্যান পদপ্রার্থী হন জাহিদুল। জাহিদুলের নির্বাচনী প্রধান সমন্বয়ক ছিলেন মোরশেদ। নির্বাচনে জাহিদুল জয়লাভ করেন।
এরপর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসন ছেড়ে দিলে উপনির্বাচনে ‘অতিথি সাংসদ’ হন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার সুবাদে মওদুদ আহমদের নজরে পড়েন জাহিদুল। তাঁর বদৌলতে ইউনিয়ন কমিটি থেকে রাতারাতি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পান তিনি। এরপর মোরশেদের সঙ্গে জাহিদুলের বিরোধ শুরু হয়। বিরোধের জেরে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটে।
বিএনপি সূত্র জানায়, ওই দুই নেতার মধ্যে বিরোধ চলমান থাকা অবস্থায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর চেয়ারম্যান পদে জাহিদুলকে সমর্থন দেয় দলটির জেলা কমিটি। মোরশেদও মনোনয়নপত্র দাখিল করেন। কয়েক দিনের মাথায় কেন্দ্রীয় বিএনপি থেকে মোরশেদকে দলীয় প্রার্থী ঘোষণা দেওয়া হয়। জেলা বিএনপিও কেন্দ্রের সিদ্ধান্ত মেনে জাহিদুলের সমর্থন প্রত্যাহার করে নেয়। বর্তমানে দুজনই নিজেদের বিএনপি-সমর্থিত প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন।
বিএনপির ওই দুই প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আজম খান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজম খান বলেন, ‘গতবার দলে একাধিক প্রার্থী থাকার পরও মাত্র দুই হাজার ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে হেরেছিলাম। এবার বিএনপির দুই প্রার্থী থাকলেও আওয়ামী লীগে কোনো বিদ্রোহী নেই। সেই কারণে ফলাফলের অঙ্ক গতবারের চেয়ে সহজ হবে।’