ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী একজন। তবে ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন একজন।
বিএনপির উপজেলা নির্বাচনসংক্রান্ত কমিটির ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ৬ মার্চ অনুষ্ঠিত বৈঠকে ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি বর্তমান চেয়ারম্যান তমিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লোকমান হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির কর্মী মালেকাকে সমর্থন দেওয়া হয়।
এর এক দিন পর ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান স্বাক্ষরিত এক চিঠিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেনের সমর্থন প্রত্যাহার করে উপজেলা ছাত্রদলের একাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরীকে সমর্থন দেওয়া হয়। এর পরও ভাইস চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, অর্থবিষয়ক সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, ধামরাই পৌর যুবদলের একাংশের সভাপতি হাবিবুর রহমান, সদস্য দেওয়ান নাসির উদ্দিন ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির কর্মী আঞ্জুমান আরা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লোকমান হোসেন বলেন, ‘আমি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে প্রার্থী হয়েছি, এখনো আছি। ঢাকা জেলা বিএনপি অন্য কাউকে সমর্থন দিয়ে থাকলেও আমার প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।’
এদিকে দলের কাউন্সিলরদের সরাসরি ভোটে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে সমর্থন জানানো হয় ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবীরকে। ভাইস চেয়ারম্যান পদে ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কর্মী সুরাইয়া আক্তারকে সমর্থন জানানো হয়।
তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভাইস চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ হান্নান। এ জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৩ মার্চ ধামরাই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।